সর্বশেষ

তনু হত্যা মামলায় ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

তনু হত্যা মামলায় ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন অগ্রগতি হচ্ছে। ঘটনার ১০ বছর পর আদালত তিনজন সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন। সোমবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম হাজির হলে বিচারক মো. মুমিনুল হক এই নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, মামলার অগ্রগতি জানতে আদালত থেকে পিবিআইকে চিঠি দেওয়া হয়েছিল।  এরপর তদন্ত কর্মকর্তা আদালতে লিখিত প্রতিবেদন জমা দেন।  প্রতিবেদনের ভিত্তিতে বিচারক তিনজন সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তা জানান, আগে তনুর ব্যবহৃত কিছু কাপড় থেকে তিনজনের ডিএনএ প্রোফাইল সংগ্রহ করা হয়েছিল, কিন্তু তা মিলিয়ে দেখা হয়নি।  তাই এখন সন্দেহভাজনদের ডিএনএ পরীক্ষা করা হবে।  ওই তিনজনই বর্তমানে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত। ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু।  পরে সেনানিবাসের একটি জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়।  পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। দীর্ঘ সময় থানা পুলিশ, ডিবি ও সিআইডি মামলাটি তদন্ত করলেও কোনো রহস্য উদঘাটন করতে পারেনি।  পরে ২০২০ সালে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।  বর্তমানে এই মামলার তদন্ত করছেন পরিদর্শক মো. তরিকুল ইসলাম। আদালত মামলার পরবর্তী তারিখে তদন্তের অগ্রগতি জানাতে বলেছেন। এদিকে তনুর বাবা ইয়ার হোসেন আদালতে এসে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ১০ বছর ধরে ন্যায়বিচারের জন্য ঘুরছেন কিন্তু এখনো কোনো ফল পাননি। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইবেন বলেও জানান। তিনি আরও বলেন, দ্রুত বিচার না হলে তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।

শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে

শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে

জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ জন ঋণ খেলাপির তালিকা প্রকাশ করা হয়েছে।  মোট ঋণ এবং খেলাপি ঋণের পরিমানও জানা গেছে।  ঋণ খেলাপিদের মধ্যে কয়েকজন বর্তমান সংসদ সদস্যও রয়েছেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত স্থিতিভিত্তিক ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমান ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।  বতর্মান সংসদ সদস্য ও তাঁদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিতে মোট খেলাপি ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।  আদালতের নির্দেশনা মোতাবেক ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি হিসেবে দেখানো হয়নি। আজ সোমবার জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। একই সঙ্গে তিনি শীর্ষ ২০ খেলাপির তালিকাও সংসদে তুলে ধরেন।  ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।  তালিকা অনুযায়ী শীর্ষ ২০ ঋণ খেলাপী প্রতিষ্ঠান হচ্ছে- এস আলম সুপার এডিবল অয়েল লি., এস আলম ভেজিট্যাবল অয়েল লি., এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাজট্রিজ লি., এস আলম কোল্ড রোলেড স্ট্রিলস লি., সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লি., গ্লোবাল ট্রেডিং করপোরেশন লি., চেমন ইসপাত লি., এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লি., ইনফিনাইট সিআর স্ট্রিপস ইন্ডাজট্রিজ লি., কেয়া কসমেটিকস লি., দেশবন্ধু সুগার মিলস লি., পাওয়ার প্যাক মুতিয়ারা কেরাণীগঞ্জ পাওয়ার প্লান্ট লি., পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্লান্ট লি., প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি., কেরাণীগঞ্জ ফুডস (প্রা.) লি., মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পওয়ার কোম্পানি, বেক্সিমকো কমিউনিকেশনস লি. এবং রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড। সংসদে অর্থমন্ত্রী জানান, খেলাপি ঋণ আদায়ে সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে 

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এর আগে ৮ এপ্রিল এ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের নেতৃত্বে সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তফসিল ঘোষণার সময় মনোনয়নপত্র জমা দেওয়া, যাচাই-বাছাই এবং প্রত্যাহারের শেষ সময় জানিয়ে দেওয়া হবে। আইন অনুযায়ী, সাধারণ আসনে যে দল যত বেশি আসন পায়, সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এসব আসনের জন্য ভোট দেন সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়েছে। তাদের সঙ্গে থাকা কয়েকটি দল একটি করে আসন পেয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে বিরোধী দলে রয়েছে। তাদের জোটের অন্য দলগুলোও কিছু আসন পেয়েছে। এছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশ একটি আসন পেয়েছে এবং সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। প্রাথমিক হিসাবে বিএনপি জোট পেতে পারে ৩৬টি সংরক্ষিত নারী আসন, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন পেতে পারে। সংসদ নির্বাচনের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। নিয়ম অনুযায়ী, এর ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন শেষ করতে হয়। এরই মধ্যে সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। দল ও জোটের ভিত্তিতে আসন সংখ্যা নির্ধারণের পর তফসিল ঘোষণা করা হবে।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions