প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, বর্তমান সরকার জনগণের জন্য কাজ করতে চায়। কৃষক, নারী, ধর্মীয় নেতাসহ সব শ্রেণির মানুষের পাশে থাকবে সরকার। মূল লক্ষ্য হলো দেশের উন্নয়ন করা এবং মানুষের জীবনমান উন্নত করা। তাই তারা সবসময় বলে কাজ করব, দেশ গড়ব, সবার আগে বাংলাদেশ।
মঙ্গলবার টাঙ্গাইলের একটি স্টেডিয়ামে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে জড়িত। প্রায় প্রতিটি পরিবারেই কেউ না কেউ কৃষিকাজের সঙ্গে যুক্ত। তাই কৃষকরা ভালো থাকলে দেশও ভালো থাকবে।
তারেক রহমান বলেন, প্রথম ধাপে ২২ হাজার কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই কর্মসূচি শুরু করা হয়েছে। এছাড়া সরকার গঠনের পর প্রথম সপ্তাহেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে, যাতে বন্যার অতিরিক্ত পানি সংরক্ষণ করা যায়। পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করবে।
তিনি জানান, নারী প্রধান পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। ইতোমধ্যে এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে সব নারী প্রধান পরিবারের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।