বজ্রপাতে সুনামগঞ্জে চার উপজেলায় ৫ জনসহ পাঁচ জেলায় মোট ১১ জনের প্রাণহানি হয়েছে।  আহত হয়েছেন বেশ কয়েকজন।  এছাড়া্ও হবিগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও রংপুরে বজ্রপাতে একজন করে মারা গেছেন।

শনিবার দুপুরে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে কাজ করার সময় বজ্রপাতে পাঁচজনের প্রাণ গেছে। এতে আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন- জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের নুরুজ্জামান, ধর্মপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের হাবিবুর রহমান, একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর গ্রামের জয়নাল হকের ছেলে রহমত উল্লাহ (২৩), দিরাই উপজেলার কৃষক লিটন মিয়া এবং তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বকরের ছেলে আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮)।

ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন জানায়, পয়লা বৈশাখ থেকে হাওরে ধানকাটা শুরু হয়েছে। এবার জলাবদ্ধতার কারণে কম্বাইন হার্ভেস্টরে ধান কাটা যাচ্ছে না। তাই শ্রমিকই ভরসা। কিন্তু বজ্রপাতসহ নানা কারণে শ্রমিকরাও এখন ধান কাটতে চান না। তারপরও স্থানীয় শ্রমিক ও কৃষকরা হাওরে পাকা ধান কাটতে শুরু করেছেন। হাওরে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে নুরুজ্জামান ও তার চাচাতো ভাই তোফাজ্জল গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত তোফাজ্জলকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

রংপুর: রংপুরের মিঠাপুকুরে পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন শিশুসহ অন্তত ৭ জন। উপজেলার বড় হরিপুর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, সর্দারপাড়া গ্রামের একটি মাছের ঘেরে জাল দিয়ে মাছ ধরার সময় স্থানীয় কয়েকজন দাঁড়িয়ে তা দেখছিলেন। এ সময় হঠাৎ আকাশ কালো করে বজ্রসহ বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে একটি বজ্রপাত হয়। তখন সেখানে উপস্থিত সবাই দিগবিদিক ছোটাছুটি করে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আহত হন কয়েকজন।

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বিবিয়ানা নদীর তীরবর্তী মিনি হাওরে এ ঘটনা ঘটে। মৃত সুনাম উদ্দিন ওই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সুন্দর আলী সাহেবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জীবিকার তাগিদে সুনাম উদ্দিন মিনি হাওরে ধান কাটতে যান। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘে ঢেকে গিয়ে শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। এ সময় হাওরে ধান কাটার কাজে থাকা অবস্থায় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে ময়মনসিংহের গৌরীপুরে এক কৃষক ও নেত্রকোনার আটপাড়ায় হাওরে আরও একজন বজ্রপাতে নিহত হয়েছেন।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions