হজের প্রথম ফ্লাইট শুক্রবার, যাচ্ছেন ৪১৯ হজযাত্রী

ঢাকা থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে চলতি বছরের হজযাত্রার প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে উড্ডয়ন করবে। আগামী শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রা উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর রাত ১২টা ২০ মিনিটে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম দিন মোট ১৪টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৪টি ফ্লাইট পরিচালনা করবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় (হজ এজেন্সির মাধ্যমে) ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাবেন। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি অংশের মধ্যে সৌদিয়া এয়ারলাইন্স ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৫ শতাংশ যাত্রী পরিবহন করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।
খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ দিয়েছে সরকার। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে বৃহস্পতিবার বিকালে এ বছরের মনোনীতদের পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরণোত্তর পদক গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান। নারী শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ ‘অদম্য নারী’র মরণোত্তর পুরস্কার পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রায়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।দেশের রাজনৈতিক ইতিহাসে তার ভূমিকা দীর্ঘদিন ধরে আলোচিত। নারী নেতৃত্ব হিসেবে তিনি বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুবাইদা রহমান ও সেলিমা ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এছাড়াও মন্ত্রী, সংসদ সদস্য এবং বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার মোট ১৫ জন ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কার পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়। মুক্তিযুদ্ধ, সাহিত্য, সমাজসেবা, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়া—সব ক্ষেত্রেই অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়েছে। ঢাকা বিভাগ থেকে পাচ্ছেন: আরিফা বেগম, মারুফা আক্তার, নাছরিন আক্তার, মুক্তা আক্তার, মোছা. আফরোজা ইয়াসমিন। রাজশাহী বিভাগ থেকে পাচ্ছেন: লতা-খাতুন, রিজু তামান্না, মোসা. রাশেদা বেগম, রাজিয়া খাতুন, সুমাইয়া ইসলাম। চট্টগ্রাম বিভাগ থেকে পাচ্ছেন: আসমা আক্তার কনা, বেগম তাজকেরা চৌধুরী, বিলকিছ বেগম, শমলা বেগম। সিলেট বিভাগ থেকে পাচ্ছেন: কুলসুমা বেগম, মোছাম্মৎ আমিনা বেগম, মোছা. রহিমা বেগম, কাঞ্চন বেগম, রিফাত আরা রিফা। খুলনা বিভাগ থেকে পাচ্ছেন: তারানা তাবাচ্ছুম, মোছা. ববিতা খাতুন, লুৎফুন নেছা বেগম, শরিফা ইয়াসমিন, মোছা. রাজিয়া খাতুন। রংপুর বিভাগ থেকে পাচ্ছেন: ফরিদা পারভীন, রিক্তা বানু, মোসা. রাশেদা বেগম, মোছা. পারভীন আক্তার, খন্দকার আবিদা সুলতানা রিয়া। বরিশাল বিভাগ থেকে পাচ্ছেন: মোছা. নিলুফা ইয়াছমিন, নাহীদ রুমানা মিতু, দেলোয়ারা বেগম, সালমা আক্তার, রিতা ব্রহ্ম। ময়মনসিংহ বিভাগ থেকে পাচ্ছেন: নুরুন নাহার বেগম, উম্মে রাফিবা জাহান, হাসনা হেনা বারী, নাসরীন বেগম, তাহমিদা। স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এটি দেশের উন্নয়ন ও অবদানের স্বীকৃতি হিসেবে অত্যন্ত সম্মানজনক।
ইরানকে হরমুজ প্রনালী খুলে দেয়ার আহ্বান চীনের

আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরানকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি-এর সঙ্গে। ওই আলোচনায় তিনি এই বার্তা দেন। ওয়াং ই বলেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা অবশ্যই সম্মান করতে হবে। তবে একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি। তার মতে, বর্তমান পরিস্থিতি বেশ জটিল পর্যায়ে পৌঁছেছে, যেখানে সংঘাত ও শান্তির মাঝামাঝি এক অবস্থায় বিশ্ব দাঁড়িয়ে আছে। এই অবস্থা থেকে বেরিয়ে শান্তির দিকে যেতে হলে হরমুজ প্রণালিকে উন্মুক্ত রাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চীনের পক্ষ থেকে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি বজায় রাখা এবং উভয় দেশকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনার উদ্যোগকে তারা সমর্থন করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। তবে এই আহ্বানের জবাবে আব্বাস আরগচি কী বলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরান অনেক দেশের কাছে তেল রপ্তানি করতে পারে না। এই পরিস্থিতিতে চীনই ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা, দেশটির মোট রপ্তানির বড় একটি অংশ চীনের কাছেই যায়
নিউজিল্যান্ড সিরিজেও জয়ের ধারায় থাকতে চান মিরাজ

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে শুক্রবার থেকে। সিরিজ শুরুর আগে মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পরিকল্পনা তুলে ধরেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, দীর্ঘমেয়াদি কোনো লক্ষ্য নির্ধারণ না করে ম্যাচ ধরে এগোতেই বেশি গুরুত্ব দিচ্ছে দল। প্রথম ম্যাচে জয় পেয়ে সিরিজে ভালো সূচনা করাই এখন প্রধান লক্ষ্য। মিরাজের ভাষায়, শুরুটা ভালো হলে পুরো সিরিজে ইতিবাচক প্রভাব পড়বে। বাইরের সমালোচনা নিয়ে দলে কোনো চাপ নেই বলেও জানান তিনি। পেশাদারিত্ব বজায় রেখে মাঠের খেলাতেই মনোযোগ রাখতে চান সবাই। দলের বর্তমান ফর্ম নিয়েও আত্মবিশ্বাসী এই অলরাউন্ডার। সম্প্রতি ভালো পারফরম্যান্সের কারণে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়েছে। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির উৎসাহ দলকে আরও অনুপ্রাণিত করছে বলেও উল্লেখ করেন মিরাজ। নিউজিল্যান্ডকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছে বাংলাদেশ। তবে স্পোর্টিং উইকেটে নিজেদের সেরাটা খেলতে পারলে ভালো ফল সম্ভব বলে মনে করছেন মিরাজ। একই সঙ্গে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য এই সিরিজকে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য

সরকারি চাকরিতে বর্তমানে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপন করা হয়। প্রতিমন্ত্রী জানান, সরকারি কর্মচারীদের হালনাগাদ তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে এ বিপুল সংখ্যক পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণির (প্রথম থেকে নবম গ্রেড) ৬৮ হাজার ৮৮৪টি, দ্বিতীয় শ্রেণির (দশম থেকে দ্বাদশ গ্রেড) ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, ত্রয়োদশ থেকে ষোড়শ গ্রেডে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং সপ্তদশ থেকে বিংশতম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ খালি রয়েছে। এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে ৮ হাজার ১৩৬টি পদ শূন্য রয়েছে। শূন্যপদ পূরণে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করছে বলে জানান প্রতিমন্ত্রী। পরিকল্পনা অনুযায়ী, ছয় মাসে ২ হাজার ৮৭৯টি, এক বছরে ৪ হাজার ৪৫৯টি এবং পাঁচ বছরে ৩ হাজার ১১০টি পদে নিয়োগ সম্পন্ন করা হবে। একই সঙ্গে প্রায় পাঁচ লাখ শূন্যপদে দ্রুত ও স্বচ্ছভাবে নিয়োগ দিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে সর্বশেষ তথ্য পাঠাতে বলা হয়েছে। নিয়োগ ব্যবস্থায় পরিবর্তনের কথাও তুলে ধরেন আবদুল বারী। তিনি বলেন, প্রচলিত মুখস্থনির্ভর সিলেবাসের পরিবর্তে দক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে। বিসিএসসহ সরকারি চাকরির পরীক্ষায় প্রার্থীদের জ্ঞান, দক্ষতা ও মনোভাব যাচাইয়ে নতুন পদ্ধতি প্রবর্তন করা হবে। এ লক্ষ্যে বিসিএস সিলেবাস পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান, মৌখিক পরীক্ষায় শিগগিরই যোগ্যতাভিত্তিক সাক্ষাৎকার পদ্ধতি চালু করা হবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমিয়ে এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ৫০তম বিসিএসের ক্ষেত্রে ইতোমধ্যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ এবং লিখিত পরীক্ষা শুরু হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের অক্টোবরে বর্তমান কমিশন গঠনের পর ৪৪, ৪৫, ৪৬ বিসিএস এবং ৪৮ ও ৪৯ (বিশেষ) বিসিএসের কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।