জরুরি সেবার জ্বালানি রেশনিং থাকছে না: প্রধানমন্ত্রী

সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে সংসদকে জানান তিনি। রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরই মধ্যে অ্যাড্রেস করেছি। পুলিশসহ ইমার্জেন্সি বাহিনী যারা আছে পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড, তাদের ওপর থেকে যে এমবার্গো (নিষেধাজ্ঞা) ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে। দুই দিন আগেই এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি।’ প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এ সিদ্ধান্তের ফলে জরুরি সেবার কার্যক্রমে আর কোনো বিঘ্ন ঘটবে না। এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে, যার ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এর আগে সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী একটি ঘটনার প্রসঙ্গ তুলে পুলিশের জ্বালানি সংকটের কারণে দ্রুত সাড়া না দেওয়ার বিষয়টি উল্লেখ করেন এবং রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের দাবি জানান।
৫০২ ভরি স্বর্ণ নিয়ে নিপুণ রায়ের ব্যাখ্যা

বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী। তার সম্পদ বিবরণীতে থাকা ৫০২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনায়। রোববার দুপুরে এক অনুষ্ঠানে স্বর্ণালংকারের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে নিপুণ রায় জানান, বিয়ের আগে ও পরে এবং পরবর্তী সময়ে তাঁর পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছ থেকে পাওয়া উপহারই এই গয়নার উৎস। তিনি বলেন, এগুলো নতুন করে প্রকাশ করা হয়নি। ২০২৪ সালের জুনে আয়কর নথিতেও তা উল্লেখ করা ছিল। অন্যান্য ধাতুসহ দেড় লাখ টাকা প্রতি ভরি হিসেবে হিসাব করে তিনি এর মোট মূল্য প্রায় ১০ কোটি টাকা হিসেবে ঘোষণা করেছেন এবং তা সততার সঙ্গে করেছেন বলে দাবি করেন। তিনি আরও জানান, তাঁর একটি ফ্ল্যাট ও দুটি গাড়ি রয়েছে, যা তিনি সম্পদ বিবরণীতে উল্লেখ করেছেন। ঢাকা ব্যাংকে চাকরির সময় ব্যাংক ঋণ নিয়ে একটি প্রিমিও গাড়ি কিনেছিলেন, যা পরবর্তীতে পরিশোধ করেন। পরে আরেকটি গাড়ি কেনেন। বর্তমানে তাঁর ৫০ লাখ টাকার কার লোন এবং সিটি ব্যাংক থেকে নেওয়া ২০ লাখ টাকার ব্যক্তিগত ঋণ রয়েছে যেগুলোও তিনি ঘোষণা করেছেন। নিপুণ রায় বলেন, তিনি ও তাঁর দল সততার সঙ্গে রাজনীতি করেন। তাঁর বাবা এরশাদ আমলে মন্ত্রী থাকলেও কখনো দুর্নীতির অভিযোগে জড়াননি। সেই সততার স্বীকৃতি হিসেবে পরবর্তীতে খালেদা জিয়া তাঁকে দলে নেন এবং ২০০১ সালে মনোনয়ন দেন। পরে ২০০৮ ও ২০১৮ সালেও তিনি নির্বাচন করেন এবং সর্বশেষ তারেক রহমান ২০২৬ সালের নির্বাচনে তাঁকে মনোনয়ন দেন বলে তিনি উল্লেখ করেন। শ্বশুরবাড়ির প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁর শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায় একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনৈতিক নেতা, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তাঁর জীবনযাত্রা সম্পর্কে সবাই অবগত বলেও তিনি মন্তব্য করেন। ভবিষ্যতে জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতিতে সক্রিয় থাকতে চান জানিয়ে তিনি বলেন, নিজের কাজের মাধ্যমেই তিনি মানুষের আস্থা অর্জন করেছেন এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চান।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় তদন্ত ও বিচার চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চায় বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার নিশ্চিত করা প্রয়োজন। সরকার নিহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। নিখোঁজের ১০ দিন পর, ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ২৫ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করেন তার পরিবার।
হোয়াইট হাউসে ডিনারে গুলির শব্দ, সরানো হলো ট্রাম্পকে

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’ চলাকালে হঠাৎ গুলির শব্দে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমে এই ঘটনা ঘটে। উপস্থিত অনেকেই জানান, তারা যে শব্দ শুনেছেন তা গুলির আওয়াজ বলে মনে হয়েছে। পরিস্থিতি তৈরি হতেই সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে ট্রাম্পকে সরিয়ে নেন। পুরো এলাকা নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলেন। পরে ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সাহসিকতার প্রশংসা করেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, তিনি, ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যরা সবাই নিরাপদে আছেন। শিগগিরই হোয়াইট হাউস থেকে তিনি সংবাদ সম্মেলনে কথা বলবেন বলেও উল্লেখ করেন। পাশাপাশি অনুষ্ঠানটি ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজনের পরিকল্পনার কথাও জানান। সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। যদিও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও চূড়ান্ত সিদ্ধান্ত তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ওপরই ছেড়ে দেন। ঘটনার ভিডিওতে দেখা গেছে, শব্দ শোনার সঙ্গে সঙ্গে অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নিচ্ছেন এবং অনেকে মাটিতে শুয়ে পড়তে বলছেন। আল জাজিরার প্রযোজক ক্রিস শেরিডান জানান, তিনি বাইরে অন্তত পাঁচবার গুলির শব্দ শুনেছেন। বারুদের গন্ধও পেয়েছেন। তার মতে, ঘটনাটি খুব কাছেই ঘটেছিল। অন্যদিকে বিবিসির এক প্রতিবেদনে এক নিরাপত্তাকর্মীর বরাতে বলা হয়েছে, সাত থেকে আটটি গুলি ছোড়া হয়েছে।