যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে রাজধানী ঢাকার রাস্তায় মার্কিন পতাকার লাল, সাদা ও নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
বুধবার (২০ মে) মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব রিকশার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে রিকশাগুলোর ছবি প্রকাশ করে।
দূতাবাস জানায়, রিকশাগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার আদলে সাজানো হয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাসের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারত্ব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা তুলে ধরা হয়েছে।
এক্স ও ফেসবুকে দেওয়া পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদ্যাপন এবং দুই দেশের গভীর সম্পর্কের প্রতিফলন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহ রাজধানীর বিভিন্ন সড়কে এসব বিশেষ রিকশা চলাচল করবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের স্বাধীনতা সংগ্রাম, অগ্রযাত্রা এবং বাংলাদেশের সঙ্গে দেশটির কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।
উল্লেখ্য, ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্যাপন করবে।