অবশেষে সিদ্ধান্ত পরিবর্তন করেছে সরকার। দেশের প্রায় সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার থেকেই ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে।

তানভীর মিয়া শুক্রবার রাতে গণমাধ্যমকে জানান, “২৩ মে শনিবার থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হবে। ৬ জুন শনিবার পর্যন্ত এ প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে।”
এর আগে গত ২৪ মার্চ জারি করা এক নির্দেশনায় রোজা ও ঈদের ছুটি শেষে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে পরবর্তী দশ শনিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সেই সিদ্ধান্ত অনুযায়ী ২৩ মে শনিবারও প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে বলে জানিয়েছিলেন ববি হাজ্জাজ।
তবে প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে শনিবার বিদ্যালয় বন্ধ রাখার জন্য লিখিত আবেদন করা হয়। পরে সেই অনুরোধে সাড়া দিয়ে সরকার নতুন সিদ্ধান্ত নেয়।
এদিকে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ৪ জুন বৃহস্পতিবার পর্যন্ত ঈদের ছুটি চলবে। পরদিন ৫ জুন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
ছুটি শেষে আগামী ৬ জুন শনিবার থেকে আবার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে।