
জার্মানির বন শহরে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু বিষয়ক মধ্যবর্তী সম্মেলন SB64-এর দ্বিতীয় দিনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ন্যায্য রূপান্তর এবং প্যারিস চুক্তির বাস্তবায়ন নিয়ে বিভিন্ন কারিগরি ও রাজনৈতিক আলোচনা অনুষ্ঠিত হয়। এই সম্মেলনটি আগামী COP31-এর প্রস্তুতিমূলক মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।

দ্বিতীয় দিনের আলোচনায় উন্নয়নশীল দেশগুলো জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন, ক্ষয়ক্ষতি তহবিলের কার্যকারিতা এবং অভিযোজন কার্যক্রমে অর্থায়ন বৃদ্ধির দাবি জোরালোভাবে তুলে ধরে। একই সঙ্গে বৈশ্বিক অভিযোজন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সূচক ও পরিমাপ পদ্ধতি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হয়।

এদিন ন্যায্য রূপান্তর কর্মসূচি বাস্তবায়নের কাঠামো নিয়েও আলোচনা হয়। অংশগ্রহণকারী দেশগুলো জীবাশ্ম জ্বালানি নির্ভর অর্থনীতি থেকে পরিবেশবান্ধব অর্থনীতিতে রূপান্তরের সময় শ্রমিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে।

এছাড়া জলবায়ু প্রশমন, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা কাঠামো এবং জাতীয়ভাবে নির্ধারিত অবদান বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন কর্মসূচি ও সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয়।
এ বছরের SB64-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। সম্মেলনে তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং অভিযোজন সক্ষমতা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরছেন।
