জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক হয়ে ওঠা শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পুলিশেরই তিন কর্মকর্তাকে দেওয়া হয়েছে যাবজ্জীবন সাজা। পাশাপাশি আরও ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার সর্বসম্মতভাবে এই রায় ঘোষণা করেন।

আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩
ছবি: সংগৃহীত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন সাবেক এসআই বিভূতিভূষণ রায়, রংপুর পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান এবং সাবেক ইন্সপেক্টর রবিউল ইসলাম নয়ন।  রায়ে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

অন্যান্য আসামিদের মধ্যে কয়েকজনকে ১০ বছর, ৫ বছর ও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পলাতক আসামিরাও এই তালিকায় রয়েছেন। আদালত সব মিলিয়ে ৩০ জন আসামির বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করেছেন।

এ সময় আদালতে প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

মামলার তদন্ত প্রতিবেদন ২০২৫ সালের ২৪ জুন জমা দেওয়া হয়। পরে ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে ট্রাইব্যুনাল এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর শুনানি শেষে ৬ আগস্ট অভিযোগ গঠন করা হয় এবং বিচার কার্যক্রম শুরু হয়।

২৭ আগস্ট মামলার সূচনা বক্তব্যের মাধ্যমে বিচার শুরু হয়। পরদিন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আবু সাঈদের বাবা মুকুল হোসেন। দীর্ঘ শুনানি শেষে চলতি বছরের ১৩ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এই সময়ে তদন্ত কর্মকর্তা রুহুল আমিনসহ মোট ২৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions