সর্বশেষ

স্থায়ীভাবে’ উন্মুক্ত হচ্ছে হরমুজ প্রণালি, খুশি চীন: ট্রাম্প

স্থায়ীভাবে’ উন্মুক্ত হচ্ছে হরমুজ প্রণালি, খুশি চীন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হরমুজ প্রণালি স্থায়ীভাবে উন্মুক্ত করেছেন এবং এতে চীন খুবই খুশি। তিনি আরও দাবি করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি আর কখনোই অবরুদ্ধ হবে না। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এসব মন্তব্য করেন। ট্রাম্প লেখেন, “আমি স্থায়ীভাবে হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিচ্ছি বলে চীন খুবই খুশি। আমি এটা তাদের জন্য এবং বিশ্বের জন্যও করছি। এই পরিস্থিতির পুনরাবৃত্তি আর কখনোই হবে না।” তিনি আরও বলেন, চীন ইরানে অস্ত্র না পাঠাতে রাজি হয়েছে। তাঁর ভাষায়, ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ভালোভাবে চলবে। ট্রাম্প আরও দাবি করেন, কয়েক সপ্তাহ পর তিনি চীনে গেলে প্রেসিডেন্ট শি জিনপিং তাঁকে “বড় ও উষ্ণ আলিঙ্গন” দেবেন। তবে এই বক্তব্যের বিষয়ে ভিন্ন তথ্যও পাওয়া গেছে। কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীন ইরানকে সামরিক সহায়তা দিতে পারে। অন্যদিকে কিছু প্রতিবেদনে বলা হয়েছে, ইরান চীনের গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করছে। এছাড়া চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার এসব অভিযোগ অস্বীকার করেছে। বেইজিং বলেছে, ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা দেওয়া হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই অঞ্চল নিয়ে যেকোনো মন্তব্য আন্তর্জাতিকভাবে বড় প্রভাব ফেলতে পারে।

দেশে এক মাসে হামে ১৯৮ শিশুর মৃত্যু

দেশে এক মাসে হামে ১৯৮ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে গত এক মাসে ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩২ শিশুর মৃত্যু হামে হয়েছে।  আর ১৬৬ শিশু মারা গেছে হামের সন্দেহে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। হিসাবটি ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের। একই সময়ে দেশে ১২ হাজার ৩৯৮টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৭৩টি শিশুর হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে। এ সময় নতুন করে ৭৬টি শিশু আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এই বিভাগে ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং ১০ হাজার ৩০ জন শিশু আক্রান্ত হয়েছে। রাজশাহী বিভাগে ৬৭ জন শিশুর মৃত্যু হয়েছে এবং ৪ হাজার ৫৫৬ জন আক্রান্ত হয়েছে। রংপুর বিভাগে ৬৪৪ জন শিশু আক্রান্ত হলেও সেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা ও চিকিৎসা না পেলে হামের ঝুঁকি আরও বাড়তে পারে।

দুই মাস জ্বালানির ঘাটতি হবে না: মন্ত্রণালয়

দুই মাস জ্বালানির ঘাটতি হবে না: মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকায় নির্ধারিত সময় অনুযায়ী ক্রুড অয়েল আমদানি ব্যাহত হলেও দেশে আপাতত জ্বালানি সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বলেন, আগামী অন্তত দুই মাস দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে। তার মতে, বর্তমানে পর্যাপ্ত পরিমাণ পরিশোধিত তেল মজুদ থাকায় সংকটের কোনো সম্ভাবনা নেই। দেশের একমাত্র পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) ক্রুড অয়েলের মজুদ কমে আসার খবরের মধ্যেই এই আশ্বাস দেওয়া হয়। মন্ত্রণালয় জানায়, নতুন ক্রুড অয়েলের চালান না পৌঁছানোয় ইআরএলের চারটি ইউনিটের মধ্যে দুটি চালু রাখা হয়েছে। বাকি দুটি ইউনিটে রক্ষণাবেক্ষণ কাজ চলছে। তবে এতে জ্বালানি সরবরাহে এখনই কোনো প্রভাব পড়বে না। সরকারের তথ্যমতে, বর্তমানে দেশে উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল ও জেট ফুয়েল মজুদ রয়েছে। বিশেষ করে ডিজেলের ক্ষেত্রে এপ্রিল ও মে মাসে কোনো সমস্যা হবে না বলে দাবি করা হয়েছে। তবে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তির বিষয়টি স্বীকার করেছে মন্ত্রণালয়। তাদের মতে, এটি মূলত আতঙ্কজনিত অতিরিক্ত কেনাকাটার কারণে ঘটছে। জেলাগুলোতে পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক রয়েছে। অবৈধ মজুদদারি ঠেকাতে সরকার ইতোমধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালাচ্ছে। মার্চের শুরু থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত শত শত অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে এবং জরিমানা ও সাজাও দেওয়া হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে মার্চ ও এপ্রিল মাসে মোট ৩ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি। তবে বিকল্প পথে নতুন চালান আনার চেষ্টা চলছে এবং মে মাসের শুরুতেই কিছু সরবরাহ পৌঁছানোর আশা করা হচ্ছে। এদিকে ভবিষ্যতে জ্বালানি সরবরাহ আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে ‘ফুয়েল পাস’ চালু, ট্যাংক লরির ডিজিটাল মনিটরিংসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। সবশেষে মন্ত্রণালয় জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে জ্বালানি ব্যবহারের আহ্বান জানিয়েছে।

যুদ্ধবিরতি বাড়ানোর পরিকল্পনা নেই ট্রাম্পের

যুদ্ধবিরতি বাড়ানোর পরিকল্পনা নেই ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি বাড়ানোর কোনো প্রয়োজন তিনি দেখছেন না। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আগামী দুই দিন হবে অসাধারণ, কারণ, পাকিস্তানে পুনরায় শান্তি আলোচনা শুরু হতে পারে। যুদ্ধ শেষ হবে কোনো চুক্তির মাধ্যমে নাকি ইরানের সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংসের মধ্য দিয়ে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, উভয় সম্ভাবনাই রয়েছে, তবে তার মতে একটি চূড়ান্ত চুক্তি হওয়াই বেশি ভালো। তিনি বলেন, ‘যুদ্ধ যেকোনোভাবেই শেষ হতে পারে, তবে চুক্তি হওয়াই ভালো।’ নিজের বক্তব্যের ওপর জোর দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি মনে করি, এটি শেষ হওয়ার একদম দ্বারপ্রান্তে রয়েছে। উল্লেখ্য, আগামী ২১ এপ্রিল যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে গত সপ্তাহে পাকিস্তানের ইসলামাবাদে ২ দেশের কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন। তবে ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনার পরও যুদ্ধ বন্ধে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই দেশের প্রতিনিধিদল।

সরকার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেবে: সংসদে প্রধানমন্ত্রী

সরকার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেবে: সংসদে প্রধানমন্ত্রী

সরকার প্রায় ৫ লাখ নতুন সরকারি চাকরি দেওয়ার পরিকল্পনা করেছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরগুলোতে ২৮৭৯ জন নিয়োগের কাজ চলছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তরে লিখিত জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, সারা দেশে শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে কর্মকৌশল নির্ধারণে কেন্দ্রীয় পর্যায়ে গঠিত কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে ৮ বিঘা ও ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। হাই-টেক/সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারসমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য এবং বাংলাদেশে পেপালের কার্যক্রম আরম্ভে কার্যকর উদ্যোগ গ্রহণে একটি কমিটি গঠন করা হয়েছে। ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দিয়ে বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে ভাতা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণসীমা ৩ লাখ থেকে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রাপ্তির আগেই সার্টিফিকেট অব ইলিজিবেলিটির ভিত্তিতে এ ঋণ দেওয়া সহজ করা হয়েছে।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions