ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মঈন উদ্দীন খান এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, সরকারি চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মনির হোসেন। তিনি আরও বলেন, আসনটি শূন্য ঘোষণা হওয়ার পর সব দল বা জোটের জন্য উন্মুক্ত করা হবে।
এর আগে বুধবার (২২ এপ্রিল) জামায়াত জোটের ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ওই দিন মনিরা শারমিনের ক্ষেত্রে চাকরি-সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়ে তার মনোনয়ন যাচাই কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল।
মনিরা শারমিন ২০২৫ সালের মার্চ মাসে এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। তিনি ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) পদে যোগ দেন এবং প্রায় দুই বছর চাকরি করার পর গত ডিসেম্বর পদত্যাগ করেন।
গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচনের অযোগ্য হবেন যদি তিনি প্রজাতন্ত্র বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের চাকরি থেকে পদত্যাগ বা অবসর গ্রহণের পর তিন বছর পূর্ণ না করেন।
নির্বাচন তফসিল অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। আপিল নিষ্পত্তির পর ২৯ এপ্রিল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।