নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। বল হাতে কিউইদের একাই গুঁড়িয়ে দিয়েছেন চোট কাটিয়ে দলে ফেরা মুস্তাফিজুর রহমান। ২৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা কিউইদের শুরু থেকেই চাপে রাখেন টাইগার বোলাররা। বিশেষ করে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান ছিলেন বিধ্বংসী রূপে। মাত্র ৮ ওভারে ৩০ রান খরচায় ৫টি উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন নাহিদ রানা। ১০ ওভারে ৩৭ রান দিয়ে তিনি শিকার করেন ২ উইকেট। এছাড়া শরিফুল ইসলাম ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট নেন। মিরপুরে প্রথম ম্যাচে ২৬ রানে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দাপুটে জয়ে সিরিজ জয় নিশ্চিত করল মিরাজ বাহিনী। ওয়ানডে সিরিজ শেষে এবার দুই দল মুখোমুখি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের এই মাঠেই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা থেকে। এরপর ২৯ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি হবে চট্টগ্রামে এবং ২ মে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
ঢাকায়ও লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত

সেচ কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে প্রতিমন্ত্রী ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে এ তথ্য জানান। দেশে বিদ্যুতের চাহিদা বেশি কিন্তু উৎপাদন কম, তাই ঘাটতি পূরণে লোডশেডিং করতে হচ্ছে। বর্তমানে প্রায় ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে প্রায় ১৪ হাজার মেগাওয়াটের একটু বেশি। ফলে প্রায় ২ হাজার মেগাওয়াট ঘাটতি তৈরি হয়েছে। এই সমস্যা সামলাতে এবং কৃষকদের সেচ কাজে বিদ্যুৎ নিশ্চিত করতে সরকার ঢাকায় পরীক্ষামূলকভাবে কিছু এলাকায় লোডশেডিং চালু করার সিদ্ধান্ত নিয়েছে। শুরুতে রাজধানীতে প্রায় ১১০ মেগাওয়াট বিদ্যুৎ কমিয়ে দেওয়া হবে, যাতে শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ ব্যবহারের ভারসাম্য রাখা যায়। এছাড়া কৃষি মৌসুমে সেচ ঠিকভাবে চালু রাখতে প্রধানমন্ত্রী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ডিজেল সরবরাহের নির্দেশ দিয়েছেন। সরকার আরও জানিয়েছে, গ্যাসের ঘাটতির কারণেও বিদ্যুৎ উৎপাদনে সমস্যা হচ্ছে। প্রতিদিন যে পরিমাণ গ্যাস দরকার, তার চেয়ে কম সরবরাহ পাওয়া যাচ্ছে। তবে আগামী কয়েক মাসে পরিস্থিতি উন্নতির আশা করা হচ্ছে। কিছু বিদ্যুৎকেন্দ্র রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকায়ও উৎপাদন কমেছে। এগুলো আবার চালু হলে কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি কিছুটা ভালো হবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সরকার বলেছে, দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
বনানীতে আইল্যান্ডে বাস, নিহত ২

রাজধানীর বনানী সেতু ভবনের সামনে রাস্তা পারাপারের সময় একজন পথচারীকে বাঁচাতে গিয়ে ভূইয়া পরিবহনের বাসচাপায় দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। তবে বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ভূইয়া পরিবহনের একটি বাস এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। বনানী সেতু ভবনের সামনে সড়ক পারাপারের সময় একজন পথচারীকে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ হার্ড ব্রেক করেন। এ সময় বাসটি সড়ক বিভাজকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত দুই ব্যক্তি সড়কে সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত ছিলেন। তাদের পরিচয় নিশ্চিত হলে বিস্তারিত জানানো হবে। এ ছাড়া দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।
মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মঈন উদ্দীন খান এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সরকারি চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মনির হোসেন। তিনি আরও বলেন, আসনটি শূন্য ঘোষণা হওয়ার পর সব দল বা জোটের জন্য উন্মুক্ত করা হবে। এর আগে বুধবার (২২ এপ্রিল) জামায়াত জোটের ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ওই দিন মনিরা শারমিনের ক্ষেত্রে চাকরি-সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়ে তার মনোনয়ন যাচাই কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। মনিরা শারমিন ২০২৫ সালের মার্চ মাসে এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। তিনি ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) পদে যোগ দেন এবং প্রায় দুই বছর চাকরি করার পর গত ডিসেম্বর পদত্যাগ করেন। গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচনের অযোগ্য হবেন যদি তিনি প্রজাতন্ত্র বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের চাকরি থেকে পদত্যাগ বা অবসর গ্রহণের পর তিন বছর পূর্ণ না করেন। নির্বাচন তফসিল অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। আপিল নিষ্পত্তির পর ২৯ এপ্রিল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
বাস ভাড়া কিলোমিটারে বাড়ল ১১ পয়সা

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সরকার বাসের ভাড়া কিছুটা বাড়িয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ আন্তজেলা রুটে প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এই সিদ্ধান্তের কথা জানান। বৃহস্পতিবার সচিবালয়ে এক সভায় তিনি বলেন, নতুন ভাড়া আজ থেকেই চালু হয়েছে। ভবিষ্যতে জ্বালানির দাম বাড়া বা কমার ওপর ভিত্তি করে বাসভাড়াও সমন্বয় করা হবে। নতুন হিসাবে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হয়েছে। আন্তজেলা বাসে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা। ঢাকার আশপাশের এলাকায়, যা ডিটিসিএর আওতায় পড়ে, সেখানে ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া আগের মতোই ১০ টাকা রয়েছে। শতকরা হিসাবে, মহানগরে ভাড়া বেড়েছে প্রায় ৪.৫ শতাংশ, আন্তজেলায় ৫.১ শতাংশ এবং ডিটিসিএ এলাকায় ৪.৭ শতাংশ। বাসভাড়া নির্ধারণ কমিটি আগে প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে অনেকদিন জ্বালানির দাম বাড়ানো হয়নি। কিন্তু পরে ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ১৫ টাকা বাড়াতে হয়েছে। এর প্রভাব পরিবহন খাতে পড়েছে, তাই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবহন মালিক, ব্যবসায়ী ও যাত্রী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, ট্রেন ও লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।