সেচ কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে প্রতিমন্ত্রী ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে এ তথ্য জানান।
দেশে বিদ্যুতের চাহিদা বেশি কিন্তু উৎপাদন কম, তাই ঘাটতি পূরণে লোডশেডিং করতে হচ্ছে। বর্তমানে প্রায় ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে প্রায় ১৪ হাজার মেগাওয়াটের একটু বেশি। ফলে প্রায় ২ হাজার মেগাওয়াট ঘাটতি তৈরি হয়েছে।
এই সমস্যা সামলাতে এবং কৃষকদের সেচ কাজে বিদ্যুৎ নিশ্চিত করতে সরকার ঢাকায় পরীক্ষামূলকভাবে কিছু এলাকায় লোডশেডিং চালু করার সিদ্ধান্ত নিয়েছে। শুরুতে রাজধানীতে প্রায় ১১০ মেগাওয়াট বিদ্যুৎ কমিয়ে দেওয়া হবে, যাতে শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ ব্যবহারের ভারসাম্য রাখা যায়।
এছাড়া কৃষি মৌসুমে সেচ ঠিকভাবে চালু রাখতে প্রধানমন্ত্রী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ডিজেল সরবরাহের নির্দেশ দিয়েছেন।
সরকার আরও জানিয়েছে, গ্যাসের ঘাটতির কারণেও বিদ্যুৎ উৎপাদনে সমস্যা হচ্ছে। প্রতিদিন যে পরিমাণ গ্যাস দরকার, তার চেয়ে কম সরবরাহ পাওয়া যাচ্ছে। তবে আগামী কয়েক মাসে পরিস্থিতি উন্নতির আশা করা হচ্ছে।
কিছু বিদ্যুৎকেন্দ্র রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকায়ও উৎপাদন কমেছে। এগুলো আবার চালু হলে কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি কিছুটা ভালো হবে বলে আশা করা হচ্ছে।
সব মিলিয়ে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সরকার বলেছে, দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।