ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর পুজা চেরির বাবাকে কারাগারে পাঠানো হয়েছে। গত ১৬ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান।
শনিবার তার গ্রেপ্তারের বিষয়টি সামনে আসার পর যোগাযোগ করা হলে ওসি বলেন, “প্রায় ১২-১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।”
শনিবার প্রসিকিউশন পুলিশের এসআই তারেকুজ্জামান তাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন,”গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।”
মামলায় অভিযোগের বিষয়ে পুলিশ বলেছে, চলচ্চিত্র প্রযোজনা ব্যবসার কথা বলে ‘বন্ধু’ মিজানুর রহমানের কাছ থেকে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সাড়ে ৫ কোটি টাকা নেন দেবু প্রসাদ।
পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংকের মাধ্যমে আরো ৫০ লাখ এবং ২০২৪ সালের ১৫ মে ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে নগদ আরো ৬ কোটি টাকা নেন বলে অভিযোগ করা হয়।
এ ছাড়া বিভিন্ন সময়ে মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন নম্বরে ১ কোটি ২০ লাখ টাকা পাঠানোর কথা মামলায় বলেছেন মিজানুর রহমান।
সর্বশেষ গেল ৩০ মার্চ আরো ১০ হাজার ২০০ টাকা বিকাশে পাঠিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
মামলার বাদী মিজানুর রহমানের দাবি, টাকা নেওয়ার দীর্ঘদিন পার হলেও অভিযুক্ত কোনো টাকা ফেরত দেননি।
ওসি রাকিবুল হাসান বলেন, “মামলার তদন্ত চলছে। আমরা লেনদেনের স্টেটম্যান্টগুলো যাচাই করছি।”