অভিনেত্রী পূজা চেরির বাবা কারাগারে

ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর পুজা চেরির বাবাকে কারাগারে পাঠানো হয়েছে। গত ১৬ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান। শনিবার তার গ্রেপ্তারের বিষয়টি সামনে আসার পর যোগাযোগ করা হলে ওসি বলেন, “প্রায় ১২-১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।” শনিবার প্রসিকিউশন পুলিশের এসআই তারেকুজ্জামান তাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,”গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।” মামলায় অভিযোগের বিষয়ে পুলিশ বলেছে, চলচ্চিত্র প্রযোজনা ব্যবসার কথা বলে ‘বন্ধু’ মিজানুর রহমানের কাছ থেকে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সাড়ে ৫ কোটি টাকা নেন দেবু প্রসাদ। পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংকের মাধ্যমে আরো ৫০ লাখ এবং ২০২৪ সালের ১৫ মে ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে নগদ আরো ৬ কোটি টাকা নেন বলে অভিযোগ করা হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন নম্বরে ১ কোটি ২০ লাখ টাকা পাঠানোর কথা মামলায় বলেছেন মিজানুর রহমান। সর্বশেষ গেল ৩০ মার্চ আরো ১০ হাজার ২০০ টাকা বিকাশে পাঠিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। মামলার বাদী মিজানুর রহমানের দাবি, টাকা নেওয়ার দীর্ঘদিন পার হলেও অভিযুক্ত কোনো টাকা ফেরত দেননি। ওসি রাকিবুল হাসান বলেন, “মামলার তদন্ত চলছে। আমরা লেনদেনের স্টেটম্যান্টগুলো যাচাই করছি।”
দেশে শিল্পকারখানার উৎপাদন কমেনি: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানিতে কমেনি বলে জানিয়েছেন, শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জে আয়োজনে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নের পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন শিল্পকারখানাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। জ্বালানি সংকটের মধ্যেও দেশে উৎপাদন কার্যক্রম স্থিতিশীল রয়েছে বলে তিনি দাবি করেন। যদিও রপ্তানিতে কিছুটা কমতি দেখা গেছে, তবে সেটি জ্বালানি সমস্যার কারণে নয়, বরং বৈশ্বিক বাজারে চাহিদা কিছুটা শ্লথ থাকায় হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, শিল্প খাতে উন্নয়নের জন্য কম জ্বালানি-নির্ভর শিল্পে বিনিয়োগে সরকার উৎসাহ দিচ্ছে। পাশাপাশি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যৎ সংকট মোকাবিলায় তেল ও গ্যাসের মজুদ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। পাটশিল্প নিয়ে তিনি বলেন, দেশের ঐতিহ্যবাহী এই খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্ত অবস্থানে নিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে পাটবীজে স্বনির্ভরতা অর্জনের জন্য কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে একটি বিশেষ কর্মসূচি চালানো হচ্ছে। এটি সফল হলে বিদেশ থেকে পাটবীজ আমদানি অনেকটাই কমে যাবে। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সচিব আব্দুন নাসের খান, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং জেলা প্রশাসক মো. রায়হান কবির উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা: হিশামকে ঘিরে নতুন তথ্য

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত ছিলেন জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। তাদের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন হিশাম আবুগারবিয়েহ। তাকে ঘিরে একের পর এক ভয়ংকর তথ্য সামনে আসছে। ২৬ বছর বয়সী এই মার্কিন নাগরিকের সহিংস আচরণ আগে থেকেই ছিল। পুলিশ তাকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে উল্লেখ করেছে। তিনি লিমনের সাবেক রুমমেট ছিলেন এবং অতীতে তার বিরুদ্ধে একাধিক সহিংসতা ও পারিবারিক নির্যাতনের অভিযোগ ছিল। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, হিশামের বাসা থেকে সংগ্রহ করা ডিএনএ নমুনার মাধ্যমে নাহিদা বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। এতে পুরো ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। গ্রেপ্তারের সময় আবুঘরবেহ একটি বাড়ির ভেতরে লুকিয়ে ছিলেন। এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোয়াত দল এবং সংকট পরিস্থিতিতে আলোচক দলকে ঘটনাস্থলে আসতে হয়। হিশামকে গ্রেপ্তারের সময়ের ভিডিওতে দেখা যায়, একটি সাঁজোয়া যান একটি বাড়ির সামনের উঠানে দাঁড়িয়ে আছে এবং আবুঘরবেহ হাত ওপরে তুলে বাড়ির সামনের দরজা দিয়ে বেরিয়ে আসছেন। এ সময় তিনি কেবল তোয়ালে পরা ছিলেন। তদন্তে জানা গেছে, হিশাম ইউএসএফের সাবেক শিক্ষার্থী। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করেন। একই বছরে তার বিরুদ্ধে শারীরিক হামলা ও চুরির অভিযোগও উঠেছিল। এমনকি তার পরিবারের সদস্যরাও তার বিরুদ্ধে সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে মৃত্যুর তথ্য গোপন করা, অবৈধভাবে মরদেহ সরানো এবং আলামত নষ্ট করার মতো অপরাধ। জামিল লিমনের খণ্ডিত মরদেহ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে এবং নাহিদা বৃষ্টির মৃত্যুও নিশ্চিত হয়েছে। তদন্তকারীরা এখন এই হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ অনুসন্ধান করছেন। হিশাম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে চার্জশিট প্রস্তুতের কাজ চলছে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গতকাল শুক্রবার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একই দিন পিএইচডির শিক্ষার্থী বাংলাদেশি বৃষ্টিও নিখোঁজ হন। নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডির শিক্ষার্থী।
জুলাই সনদের সব দফা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই সনদের সব দফা পুরোপুরি বাস্তবায়ন করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, প্রায় পনেরো বছর পর দেশের মানুষ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে। জনগণের দীর্ঘদিনের ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনের প্রত্যাশাই বর্তমান সরকারের মাধ্যমে বাস্তব রূপ পেয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে দেশের আসল ক্ষমতা জনগণের হাতে। তাই সরকারি কর্মকর্তাদের মূল দায়িত্ব হলো মানুষের স্বার্থ রক্ষা করা এবং তাদের কল্যাণ নিশ্চিত করা। তিনি বলেন, সরকারি চাকরিতে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দক্ষ ও সৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে সরকার কাজ করছে। জনগণের জন্য কাজ করে এমন প্রশাসন গড়ে তোলার ওপরও তিনি জোর দেন। শেষে তিনি বলেন, বৈষম্যহীন দেশ গড়তে প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।