সর্বশেষ

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা: হিশামকে ঘিরে নতুন তথ্য

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত ছিলেন জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি।  তাদের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন হিশাম আবুগারবিয়েহ। তাকে ঘিরে একের পর এক ভয়ংকর তথ্য সামনে আসছে।

২৬ বছর বয়সী এই মার্কিন নাগরিকের সহিংস আচরণ আগে থেকেই ছিল। পুলিশ তাকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে উল্লেখ করেছে। তিনি লিমনের সাবেক রুমমেট ছিলেন এবং অতীতে তার বিরুদ্ধে একাধিক সহিংসতা ও পারিবারিক নির্যাতনের অভিযোগ ছিল।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, হিশামের বাসা থেকে সংগ্রহ করা ডিএনএ নমুনার মাধ্যমে নাহিদা বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। এতে পুরো ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

ছবি: সংগৃহীত

গ্রেপ্তারের সময় আবুঘরবেহ একটি বাড়ির ভেতরে লুকিয়ে ছিলেন। এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোয়াত দল এবং সংকট পরিস্থিতিতে আলোচক দলকে ঘটনাস্থলে আসতে হয়।

হিশামকে গ্রেপ্তারের সময়ের ভিডিওতে দেখা যায়, একটি সাঁজোয়া যান একটি বাড়ির সামনের উঠানে দাঁড়িয়ে আছে এবং আবুঘরবেহ হাত ওপরে তুলে বাড়ির সামনের দরজা দিয়ে বেরিয়ে আসছেন। এ সময় তিনি কেবল তোয়ালে পরা ছিলেন।

তদন্তে জানা গেছে, হিশাম ইউএসএফের সাবেক শিক্ষার্থী। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করেন। একই বছরে তার বিরুদ্ধে শারীরিক হামলা ও চুরির অভিযোগও উঠেছিল। এমনকি তার পরিবারের সদস্যরাও তার বিরুদ্ধে সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

বর্তমানে তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে মৃত্যুর তথ্য গোপন করা, অবৈধভাবে মরদেহ সরানো এবং আলামত নষ্ট করার মতো অপরাধ।

জামিল লিমনের খণ্ডিত মরদেহ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে এবং নাহিদা বৃষ্টির মৃত্যুও নিশ্চিত হয়েছে। তদন্তকারীরা এখন এই হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ অনুসন্ধান করছেন।

হিশাম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে চার্জশিট প্রস্তুতের কাজ চলছে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গতকাল শুক্রবার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একই দিন পিএইচডির শিক্ষার্থী বাংলাদেশি বৃষ্টিও নিখোঁজ হন। নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডির শিক্ষার্থী।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions