সর্বশেষ

সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসলামাবাদে অনুষ্ঠিত তেহরান–ওয়াশিংটন সংলাপ ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছানোর পর তিনি এ মন্তব্য করেন। সফরকালে তার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। আব্বাস আরাগচি বলেন, আলোচনায় কিছু অগ্রগতি হলেও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং অতিরিক্ত শর্তের কারণে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। ইরান–যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত এই সংলাপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তা কোনো ফল ছাড়াই শেষ হয় বলে জানান তিনি।

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক রেলমন্ত্রী এবং বিজেপির জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদী।  সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি শিগগিরই ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন বলে জানানো হয়েছে। বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে এখন বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কে এই দীনেশ ত্রিবেদী? ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের একজন অভিজ্ঞ রাজনীতিক। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সদস্য ছিলেন। পরে তিনি দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেন। গুজরাটি বংশোদ্ভূত হলেও তিনি বাংলা ভাষায় সাবলীল এবং বাংলা সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণা রাখেন। ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে তার পরিচিতি এই নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাজনৈতিক ক্যারিয়ার দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক যাত্রা শুরু হয় কংগ্রেসের মাধ্যমে। পরবর্তীতে তিনি জনতা দলে যোগ দেন এবং ১৯৯০ সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে আবারও রাজ্যসভার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে বারাকপুর আসনে লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি আবার রাজ্যসভায় যান। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি তৃণমূল ছাড়েন এবং মার্চে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। কূটনৈতিক নিয়োগে ব্যতিক্রম ভারতের কূটনৈতিক প্রথায় সাধারণত ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) কর্মকর্তাদের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন একজন নেতাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে ব্যতিক্রম ঘটানো হয়েছে। বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীর নিয়োগ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং আঞ্চলিক প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান এই দায়িত্ব পালনে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয় টাইগারদের

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয় টাইগারদের

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান তাড়া করে দারুণ জয় পেল বাংলাদেশ। টানা ৩ উইকেট হারিয়ে দল যখন বিপর্যয়ে ছিল, সেই সময়ে পাল্টা আক্রমণ করে বাংলাদেশকে ৬ উইকেটের জয় এনে দিয়েছেন হৃদয়,পারভেজ ও শামীম। ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি।  দুই ওপেনারের ধীরগতির ব্যাটিংয়ে ইনিংসের শুরুতেই চাপে পড়ে যায় দল। অধিনায়ক লিটন কুমার দাসও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তবে ম্যাচের মোড় ঘুরে যায় মাঝের দিকে। পরপর দুটি কার্যকর জুটিতে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় টাইগাররা। এই জয় বাংলাদেশের জন্য ঐতিহাসিক।  নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে এত বড় রান তাড়া করে এটি তাদের প্রথম জয়।  এর আগে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ সফল রান তাড়া ছিল ১৩৫ রান।  বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়া করে জয় ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৮ সালে ২১৫ রানের লক্ষ্য সফলভাবে অর্জন। রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই উইকেট হারায়। সাইফ হাসান ১৬ বলে ১৭ রান করে আউট হন, আর তানজিদ হাসান তামিম ২৫ বলে ২০ রান করেন। অধিনায়ক লিটন দাস ১৫ বলে ২১ রান করে ফিরে যান। ১০.১ ওভারে ৩ উইকেটে ৭৭ রান করে কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। এরপর ম্যাচে আসে পরিবর্তন। চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন ২৮ বলে ৫৬ রানের দ্রুত জুটি গড়েন। ইমন ১৪ বলে ২৮ রান করে আউট হলেও দলকে ভালো অবস্থানে রেখে যান। এরপর শামীম হোসেন পাটোয়ারি ও তাওহীদ হৃদয়ের জুটি ম্যাচ প্রায় শেষ করে দেয়। মাত্র ১৯ বলে ৪৯ রানের ঝড়ো পার্টনারশিপ গড়ে জয় নিশ্চিত করেন তারা। তাওহীদ হৃদয় ২৯ বলে অপরাজিত ৫১ রান করেন, আর শামীম হোসেন ১৩ বলে ৩১ রানের ক্যামিও খেলেন। নিউজিল্যান্ডের হয়ে ইশ সোধি দুটি উইকেট নেন। নাথান স্মিথ ও জশ ক্লার্কসন একটি করে উইকেট পান। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ওপেনার টিম রবিনসন রান আউটে ফিরলেও কেটেন ক্লার্ক ও ড্যান ক্লেভার ৮৮ রানের জুটি গড়ে ইনিংস মেরামত করেন। দুজনই ৫১ রান করে আউট হন। তাদের বিদায়ের পর নিউজিল্যান্ডের রান গতি কমে যায়। শেষ দিকে নিক কেলি ৩৯ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। ১৮২ রানে থামে কিউইদের ইনিংস। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন ২ উইকেট, আর তিনজন বোলার একটি করে উইকেট পান।

এলপিজি কার্ডের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

এবার এলপিজি কার্ডের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

যশোরে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা ঘোষণা করেছেন।  নারীদের রান্নাবান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড চালুর কথা জানিয়েছেন।  শিল্পখাতকে পুনরুজ্জীবিত করতে বন্ধ কলকারখানাগুলো দ্রুত চালু করার প্রতিশ্রুতি দেন। খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের মা-বোনদের রান্নার কাজে অনেক ভোগান্তি পোহাতে হয়। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।  পাশাপাশি নতুন করে এলপিজি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে সহজে রান্নার জ্বালানি নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, গ্রাম ও শহর নির্বিশেষে সব পরিবারের নারীদের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।  যাতে তাদের দৈনন্দিন জীবনে স্বস্তি আসে। কৃষকদের উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কৃষক কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে।  ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে।  এতে কৃষকদের আর্থিক চাপ কমবে। শিল্পখাত প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকারখানাগুলো আগামী কয়েক মাসের মধ্যে পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে। এর ফলে নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং দেশের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে। দিনব্যাপী সফরে তিনি যশোরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নেন। যার মধ্যে খাল পুনঃখনন উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশ্রগহণ।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions