যশোরে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা ঘোষণা করেছেন। নারীদের রান্নাবান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড চালুর কথা জানিয়েছেন। শিল্পখাতকে পুনরুজ্জীবিত করতে বন্ধ কলকারখানাগুলো দ্রুত চালু করার প্রতিশ্রুতি দেন।

খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের মা-বোনদের রান্নার কাজে অনেক ভোগান্তি পোহাতে হয়। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি নতুন করে এলপিজি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে সহজে রান্নার জ্বালানি নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, গ্রাম ও শহর নির্বিশেষে সব পরিবারের নারীদের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। যাতে তাদের দৈনন্দিন জীবনে স্বস্তি আসে।

কৃষকদের উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কৃষক কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকদের আর্থিক চাপ কমবে।
শিল্পখাত প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকারখানাগুলো আগামী কয়েক মাসের মধ্যে পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে। এর ফলে নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং দেশের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।
দিনব্যাপী সফরে তিনি যশোরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নেন। যার মধ্যে খাল পুনঃখনন উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশ্রগহণ।