ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নির্বাচনের ফলাফলে অনকেটাই পিছিয়ে তৃণমূল কংগ্রেস। ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের ভোট গণনা চলছে। এর মধ্যে প্রায় ১৯২টি আসনে এগিয়ে আছে বিজেপি। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস ৯৪টি আসনে এগিয়ে আছে। দুই দলের মধ্যে আসনের ব্যবধান প্রায় ১০০। যা রাজ্যের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
‘খেলা শেষ’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে দলের প্রার্থী ও কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন: মমতা
সোমবার দুপুরে সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওবার্তায় তিনি সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান। মমতা বলেছেন, দয়া করে কোন তৃণমূল প্রার্থী বা কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির পরিকল্পনা। তিনি দাবি করেন, ‘প্রথম দিকের ফলাফলে বিজেপিকে এগিয়ে দেখানো হচ্ছে, কিন্তু পরে ছবিটা বদলাবে। আমি আগেই বলেছিলাম, ওদের আসন আগে দেখাবে, আমাদেরগুলো পরে। অনেক জায়গায় গণনা বন্ধ করে রাখা হয়েছে। কল্যাণীতে সাতটি মেশিনে গরমিল ধরা পড়েছ’।

এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হন তৃণমূলনেত্রী। অভিযোগ করে বলেন, কেন্দ্র জোর করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে অত্যাচার করছে। অফিস ভাঙছে, দখল করছে। এসআইআরের নামে ভোট লুট হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ তুলে তিনি বলেন, ইলেকশন কমিশন নিজের ইচ্ছামতো খেলছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই কাজ হচ্ছে। শেষে তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দেন, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন। জয় তৃণমূলেরই হবে।
বিজেপি কার্যালয়ে ঝালমুড়ি বিতরণ
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে থাকা বিজেপি কার্যালয়ে চলছে উৎসবের আমেজ। কলকাতায় বিজেপি অফিসে একদিকে যেমন মিষ্টি বিতরণ হচ্ছে, তেমনি ঝালমুড়িতে মেতেছেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।
পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজেই সামাজিক মাধ্যমে তার ছবি পোস্ট করেছিলেন। তার সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়। সোমবার সেই ঝালমুড়িই বিতরণ করা হচ্ছে বিজেপি কার্যালয়ে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার মধ্যে রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজয় মিছিলে কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, ভোট গণনার সময় রাজ্যের কোথাও কোনো বিজয় মিছিল বা রাজনৈতিক জমায়েতের অনুমতি দেওয়া হবে না।
হিন্দুস্থান টাইমস জানিয়েছে, জেলা প্রশাসকদেরও প্রতি কড়া নির্দেশ দিয়েছেন আগরওয়াল। বলেছেন, কোথাও যেন বিজয় মিছিলের অনুমতি দেওয়া না হয়। তবে, মঙ্গলবার নির্ধারিত নিয়ম মেনে এবং সংশ্লিষ্ট থানা থেকে যথাযথ অনুমতি নিয়ে মিছিল করা যাবে।