জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

তিন দফায় টানা ১৩২ টাকা বাড়ানোর পর অবশেষে জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, লিটারপ্রতি দাম কমেছে প্রায় ২২ টাকা। বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে। বিইআরসি জানিয়েছে, নতুন মূল্য ৭ মে রাত থেকেই কার্যকর হবে। চলতি বছরের শুরুতে জেট ফুয়েলের দাম তুলনামূলকভাবে অনেক কম ছিল। জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে সামান্য বাড়িয়ে তা করা হয় ৯৫ টাকা ১২ পয়সা। তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহে চাপ তৈরি হলে পরিস্থিতি দ্রুত বদলে যায়। মার্চে প্রথম দফায় দাম বেড়ে দাঁড়ায় ১১২ টাকা ৪১ পয়সা। পরে ২৪ মার্চ দ্বিতীয় দফায় বড় ধরনের বৃদ্ধি এনে দাম নির্ধারণ করা হয় ২০২ টাকা ২৯ পয়সা। সর্বশেষ এপ্রিলে তা বেড়ে পৌঁছায় ২২৭ টাকা ৮ পয়সায়।
শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। বৃহস্পতিবার দুপুরে মিরপুরে দুই দলের অধিনায়কের উপস্থিতিতে হয়েছে এই সিরিজের ট্রফি উন্মোচন। সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন প্রতিদিনই ভালো ক্রিকেট খেলার কথা। অতীতের সিরিজ আত্মবিশ্বাস জোগাবে সেটাও মনে করিয়ে দিলেন তিনি। কেমন উইকেটে খেলা হবে এ নিয়ে শান্ত বলেন, ‘ভালো উইকেট হবে আশা করছি। বোলিং অ্যাটাক অভিজ্ঞ। ব্যাটার অনেকেই এই ফরম্যাটে অনেক দিন ধরে খেলছে। টেস্টে ব্যাটাররা বেশ কয়েক সিরিজ ধরে একসাথে খেলছি। অভিজ্ঞতার দিক থেকে বলব ভালো দল। উইকেট যেমনই থাকুক, ভালো পেসার স্পিনার দুই-ই আছে আমাদের। তাই প্রপার স্পোর্টিং উইকেট থাকলেই ভালো। তবে আবহাওয়ার ওপরও উইকেট নির্ভর করে। এসব জায়গায় মানিয়ে নিতে হবে। বোলার-ব্যাটাররা যেকোনো পরিস্থিতি মানিয়ে নেওয়ার সামর্থ্য রাখে।’ এর আগে দুই দলের খেলোয়াড়দের মিরপুরে শেষ করেছেন অনুশীলন পর্ব। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলতে আসা পাকিস্তান পূর্ণ শক্তির দল নিয়ে এসেছে বাংলাদেশে। দুই দলের শেষ টেস্ট সিরিজটা হয়েছিল পাকিস্তানের মাটিতে। ২০২৪ সালের সেই সিরিজে ২-০ তে জিতেছিল বাংলাদেশ। তবে এই সিরিজে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন পাকিস্তান দলের ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি। টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে আর পাকিস্তানের অবস্থান ৬। আর চলমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে বাংলাদেশ খেলেছে দুই ম্যাচ। যেখানে এক ড্রয়ের সাথে হারতে হয়েছে আরেকটিতে। চার পয়েন্ট নিয়ে টেবিলে বাংলাদেশের অবস্থান ৮-এ। এই চক্রে পাকিস্তানও খেলেছে দুই টেস্ট। একটাতে জয় পেলেও হারতে হয়েছে আরেকটিতে।
শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সনদ স্থগিত

মুক্তির প্রায় দেড় মাস পর চিত্রনায়ক শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দেশের কোনো প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানো যাবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তথ্য অধিদপ্তর। সার্টিফিকেশনবিহীন গান ও দৃশ্য সংযোজন করে সিনেমাটি প্রদর্শনের অভিযোগের ভিত্তিতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলার একাধিক সিনেমা হলে ‘অনুমোদনবিহীন গান ও দৃশ্য সংযোজন করে’ শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমাটি দেখানো হয়েছে। গানটি হচ্ছে সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া ‘একা একা লাগে তোমারে ছাড়া’। স্থগিতাদেশে বলা হয়েছে, চলচ্চিত্রটির সঙ্গে সার্টিফিকেশনবিহীন গান ও দৃশ্য সংযোজন করে প্রদর্শন করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয়, সার্টিফিকেটপ্রাপ্ত কপিতে ধূমপান ও মাদক সেবনের সতর্কবার্তা টেম্পারিং করে মুদ্রণযোগ্য ফন্টে প্রদর্শনের অভিযোগও রয়েছে। অনুমোদনহীন দৃশ্যের বিষয়ে বলা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে অঙ্গচ্ছেদ ও গলাকাটার মতো কিছু দৃশ্য সার্টিফিকেশন বোর্ড বাদ দিলেও সেগুলো পুনরায় যোগ করা হয়েছে। বাদ দেওয়া ‘অশালীন ভিজ্যুয়াল কনটেন্টও’ দেখানো হচ্ছে বলে অভিযোগ তথ্য অধিদপ্তরের। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনেমায় ধূমপান ও মাদক সেবনের সতর্কবার্তা ‘টেম্পারিং করে মুদ্রণযোগ্য ফন্টে দেখানো হয়েছে, যা নিয়মবহির্ভূত। এসব অনিয়মের অভিযোগ তুলে ‘প্রিন্স’ সিনেমার অনাপত্তি সনদ স্থগিত করার কথা বলা হয়েছে। সনদটি দেওয়া হয়েছিল গত ১৬ মার্চ। নব্বই দশকে ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমাটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে শাকিব খান স্বীকার করেছিলেন, নির্মাণের সময় নানা সীমাবদ্ধতার কারণে ছবিটি দর্শকের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি। তিনি জানান, ঈদের আগের দিন পর্যন্ত শুটিং চলায় সময়ের অভাবে কারিগরি ত্রুটি থেকে যায়। বিশেষ করে সাউন্ড, কালার ও অন্যান্য টেকনিক্যাল বিষয় নিয়ে সমালোচনা ওঠে। শাকিব খানের বক্তব্য অনুযায়ী, সেন্সর পাওয়ার চার দিন পরও সিনেমার কিছু দৃশ্যধারণ করা হয়েছিল। সংশ্লিষ্টদের দাবি, বিতর্কিত গানটির দৃশ্যও তখনই ধারণ করা হয়। মুক্তির সময় হল মালিকরাও অভিযোগ করেছিলেন, সিনেমাটির কাজ পুরোপুরি শেষ না করেই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে। তখন সাউন্ড, কালার, ভিএফএক্স ও সার্ভার জটিলতা নিয়ে দর্শক ও হল মালিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সম্প্রতি ইতালিতে মুক্তির আগে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস জানিয়েছে, সিনেমাটির ডিসিপি (ডিজিটাল সিনেমা প্রজেকশন) নতুন করে সংস্করণ করা হয়েছে। তাদের ভাষ্য, দেশের মুক্তির সময় যে সমস্যাগুলো ছিল, সেগুলো কাটিয়ে আরও পরিমার্জিতভাবে সিনেমাটি প্রস্তুত করা হয়েছে, যাতে বিদেশের দর্শকরা ভালো অভিজ্ঞতা পান। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটি গত ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে দেশের ১৩৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রযোজক শিরিন সুলতানার এই ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু ও ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য।