তিন দফায় টানা ১৩২ টাকা বাড়ানোর পর অবশেষে জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, লিটারপ্রতি দাম কমেছে প্রায় ২২ টাকা।
বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে। বিইআরসি জানিয়েছে, নতুন মূল্য ৭ মে রাত থেকেই কার্যকর হবে।
চলতি বছরের শুরুতে জেট ফুয়েলের দাম তুলনামূলকভাবে অনেক কম ছিল। জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে সামান্য বাড়িয়ে তা করা হয় ৯৫ টাকা ১২ পয়সা। তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহে চাপ তৈরি হলে পরিস্থিতি দ্রুত বদলে যায়। মার্চে প্রথম দফায় দাম বেড়ে দাঁড়ায় ১১২ টাকা ৪১ পয়সা। পরে ২৪ মার্চ দ্বিতীয় দফায় বড় ধরনের বৃদ্ধি এনে দাম নির্ধারণ করা হয় ২০২ টাকা ২৯ পয়সা। সর্বশেষ এপ্রিলে তা বেড়ে পৌঁছায় ২২৭ টাকা ৮ পয়সায়।