সর্বশেষ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো বিজেপির হাত ধরে। রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দলের শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) সকালে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান গভর্নর আর. এন. রবি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জয় শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। দীর্ঘদিন ধরে রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রভাব থাকলেও এবারের নির্বাচনে বিজেপির উত্থান ছিল উল্লেখযোগ্য।

একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত করার পেছনে তারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে সময়ের ব্যবধানে রাজনৈতিক অবস্থান বদলে বিজেপিতে যোগ দেন তিনি। এবার সেই শুভেন্দুই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রথম মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বিজেপির একাধিক পরিচিত নেতা। তাদের মধ্যে রয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তনিয়া। শপথ অনুষ্ঠানে তারাও মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিজেপির এই ঐতিহাসিক জয়কে কেন্দ্র করে রাজ্যজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অন্যদিকে, বিরোধী শিবিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক কৌশল নির্ধারণের আলোচনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions