ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটতে চলেছে। বিজয় থালাপতি এর নেতৃত্বাধীন দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম এবার সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
রাজ্যের ছোট দুটি দল—ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ—নিঃশর্ত সমর্থন দেওয়ায় টিভিকে নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা ১২০-এ পৌঁছেছে। যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের চেয়ে বেশি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার ভিসিকে ও আইইউএমএল তাদের দুইজন করে বিধায়কের সমর্থন আনুষ্ঠানিকভাবে টিভিকে-কে প্রদান করে। তাদের এই সিদ্ধান্তে রাজ্যের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলে যায় এবং বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া কার্যত নিশ্চিত হয়ে যায়।

ভিসিকের পক্ষ থেকে গভর্নরের কাছে পাঠানো সমর্থনপত্রে বলা হয়েছে, তামিলনাড়ুর জনগণের জন্য একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যেই তারা টিভিকে-কে সমর্থন দিচ্ছে। দলের সভাপতি ড. থোল থিরুমাভালাভান বলেন, এই সমর্থন সম্পূর্ণভাবে জনস্বার্থে এবং রাজ্যের স্থিতিশীল শাসন নিশ্চিত করার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে।
এর আগে কংগ্রেসের পাঁচটি আসন এবং বামপন্থি দল সিপিআইএম ও সিপিআইও টিভিকে-কে সমর্থন জানিয়েছিল। ফলে জোটের অবস্থান আরও শক্তিশালী হয়।
গত কয়েকদিন ধরে টিভিকে প্রধান বিজয় একাধিকবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন এবং সরকার গঠনের দাবি জানান। তবে আনুষ্ঠানিক সমর্থনপত্রের অভাবে প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়।
বর্তমানে বিজয়ের পরবর্তী ধাপ হলো সব সমর্থক বিধায়কের আনুষ্ঠানিক স্বাক্ষরসহ তালিকা রাজ্যপালের কাছে জমা দেওয়া। এরপর রাজ্যপাল তাকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন।
সবকিছু ঠিক থাকলে, দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন থালাপতি বিজয়, যা তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
তামিলনাড়ুর রাজ্যসভায় আসন রয়েছে ২৩৪টি। এবারের নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮টি আসন পেয়েছে থালাপতির টিভিকে। ফলে সরকার গঠনের জন্য তাদের আর ১০টি আসন প্রয়োজন হয়। সংখ্যায় ১০টি আসন কম হলেও এগুলো পেতে বেশ বেগ পোহাতে হয়েছে থালাপতিকে। তার সঙ্গে ভারতীয় কংগ্রেস ছাড়াও সিপিআই, সিপিআই (এম) ও সর্বশেষ ভিসিকে জোট গঠন করতে যাচ্ছে।