সর্বশেষ

ফিফা বিশ্বকাপ মাতাবেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়।  ২০২৬ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই আসরকে স্মরণীয় করে রাখতে তিন দেশেই ভিন্ন ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ফিফা। যেখানে দেখা যাবে এক বাংলাদেশি সঙ্গীত শিল্পী সঞ্জয়কেও।

নিজেদের উদ্বোধনী অনুষ্ঠানে যেসব তারকারা পারফর্ম করবেন, তাদের নাম প্রকাশ করেছে কানাডা। আগামী ১২ জুন টরেন্টোতে অনুষ্ঠেয় উদ্বাধনী অনুষ্ঠান মাতাবেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়।

সঞ্জয়ের জন্ম ঢাকায় হলেও বেড়ে উঠা যুক্তরাষ্ট্রে। সঙ্গীতশিল্পী, সঙ্গীত প্রযোজক এবং ডিজে হিসেবে বেশ পরিচিতি আছে সঞ্জয়ের। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, ভেজিড্রিম, উইলিয়াম প্রিন্সের মতো একঝাঁক আন্তর্জাতিক তারকারা।

সঙ্গীতশিল্পী, সঙ্গীত প্রযোজক এবং ডিজে সঞ্জয়। ছবি: সংগৃহীত

সংগীতে ফুটবে কানাডার ঐক্যের বার্তা

আয়োজকেরা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত ও সংস্কৃতির মাধ্যমে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় এবং ফুটবলের ঐক্যের বার্তা তুলে ধরা হবে। বিশ্বকাপ ট্রফিকেও নতুনভাবে উপস্থাপন করা হবে উদ্বোধনী অনুষ্ঠানে। এই ট্রফি কানাডার বিভিন্ন সংস্কৃতি, মানুষ ও সম্প্রদায়ে বৈচিত্র্য তুলে ধরবে।

টরন্টো শো বিশ্বকাপ উন্মাদনার প্রতিচ্ছবি: ফিফা সভাপতি

উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, টরন্টোর উদ্বোধনী অনুষ্ঠানটি কানাডার পরিচয় এবং ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে থাকা উন্মাদনার এক শক্তিশালী প্রতিফলন হবে। সংগীত, সংস্কৃতি এবং অবিস্মরণীয় পরিবেশনার মাধ্যমে আমরা বিশ্বকে এমন এক উদযাপনে স্বাগত জানাব, যা একদিকে হবে পুরোপুরি কানাডিয়ান, অন্যদিকে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রজুড়ে চলা বৃহত্তর গল্পের সঙ্গেও সংযুক্ত থাকবে। এটি হবে গর্ব, ঐক্য ও প্রত্যাশার এক বিশেষ মুহূর্ত, যখন কানাডা ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের জায়গা করে নেবে।

দর্শকদের জন্য থাকবে বিনোদনের বিশেষ আয়োজন

উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের অংশগ্রহণের সুযোগ থাকছে। ম্যাচ শুরুর চার ঘণ্টা আগেই স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। দর্শকদের জন্য থাকবে বিশেষ অ্যাক্টিভেশন, পুরস্কার ও প্রাক-ম্যাচ বিনোদনের আয়োজন।

১১ জুন বিশ্বকাপের মূল আসর শুরু হবে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions