টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষায় দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানান, আগামী অর্থবছর থেকেই প্রকল্পের কাজ শুরু হবে।
আজ টাঙ্গাইল সদর উপজেলার চরপৌলি এলাকায় নদীভাঙনকবলিত স্থান পরিদর্শন শেষে এ ঘোষণা দেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সুলতান সালাউদ্দিন টুকু।

পরে মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় ভাঙনকবলিত মানুষের সঙ্গে কথা বলেন তারা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী বলেন, স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ এবং জনস্বার্থে যমুনা নদীর ভাঙন প্রতিরোধে সরকার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “যমুনা নদীর ভাঙনে প্রতিবছর নদীপাড়ের বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ দুর্ভোগ থেকে মানুষকে রক্ষা করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। নির্বাচনী ইশতাহার বাস্তবায়নের অংশ হিসেবেই নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনের আগে যমুনার ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার তা বাস্তবায়নে কাজ করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন শরীফা হক, মোহাম্মদ শামসুল আলম সরকার এবং মো. শাহজাহান সিরাজসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।