সর্বশেষ

রামিসার বাসায় গিয়ে বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন তারেক রহমান। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি পল্লবীতে রামিসার বাসায় যান।

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এ সময় রামিসার বাবা আবেগাপ্লুত হয়ে বলেন, “আপনি আমার বাসায় এসেছেন, এটা আমার সৌভাগ্য।” জবাবে প্রধানমন্ত্রী বলেন, “এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবেই ইনশাআল্লাহ। আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আল্লাহর রহমতে আপনারা বিচার দেখতে পারবেন।”

তিনি আরও বলেন, “আমিও একজন কন্যা সন্তানের বাবা। আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও কন্যা সন্তানের বাবা। কন্যা সন্তানের কষ্ট আমরা বুঝি।”

শোকাহত রামিসার বাবা বলেন, “এই স্মৃতি নিয়ে কীভাবে বাঁচব আমি? মৃত্যু ছাড়া আমার কোনো শেষ নেই।” তখন প্রধানমন্ত্রী তাকে বড় মেয়ের কথা ভেবে শক্ত থাকার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “প্রধানমন্ত্রী রামিসার বড় মেয়ের দায়িত্ব নেবেন। খুব দ্রুত বিচার সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে।”

বাসা থেকে বের হয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিনি বলেন, চার্জশিট দাখিলের আগে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করতে হবে। সিআইডি ল্যাবে সেই কাজ চলছে এবং রোববার দুপুরের মধ্যেই আদালতে চার্জশিট জমা দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার ও প্রসিকিউশন কাজ করবে।”

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আসাদুজ্জামান, আমিনুল হক, শফিকুল ইসলাম মিল্টনসহ স্থানীয় নেতারা।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions