সর্বশেষ

শিশু সুরক্ষায় প্রতিরোধ ব্যবস্থা জোরদারের আহ্বান ইউনিসেফের

বাংলাদেশে শিশুদের ওপর সাম্প্রতিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। সংস্থাটি বলেছে, নারী ও শিশুদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও বিভিন্ন ধরনের নৃশংস সহিংসতার ঘটনা বাড়ছে, যা শিশু সুরক্ষা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে।

শনিবার এক বিবৃতিতে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, মেয়েশিশু ও ছেলেশিশুরা এমনসব জায়গায় সহিংসতার শিকার হচ্ছে, যেখানে তাদের সবচেয়ে নিরাপদ থাকার কথা ছিল।

বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালে দেশে নারী ও শিশুদের ওপর নৃশংস ও যৌন সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনা প্রতিরোধে অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করা জরুরি। একইসঙ্গে অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক সুরক্ষা, শিশুবান্ধব পুলিশ ও বিচারব্যবস্থা এবং কমিউনিটি সুরক্ষা জোরদারের আহ্বান জানানো হয়।

ইউনিসেফ আরও বলেছে, নারী ও শিশুদের জন্য মনোসামাজিক সহায়তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্কুল, মাদ্রাসা, কর্মস্থল, পাড়া-মহল্লা ও যত্নসেবা কেন্দ্রগুলোর জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, সম্প্রদায় নীরব থাকলে সহিংসতা আরও ছড়িয়ে পড়ে। তাই শিশু, নারী, পরিবার ও স্থানীয় জনগণকে সহিংসতা, নির্যাতন বা শোষণের ঘটনা দ্রুত রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে। এ ক্ষেত্রে জাতীয় চাইল্ড হেল্পলাইন ১০৯৮–এ যোগাযোগ করে সহায়তা ও রেফারেল সেবা পাওয়া যাবে বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে ভুক্তভোগীদের ছবি, ভিডিও বা ব্যক্তিগত পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানানো হয়েছে। ইউনিসেফ বলেছে, এ ধরনের কাজ ভুক্তভোগী ও তাদের পরিবারের মানসিক কষ্ট আরও বাড়িয়ে দেয় এবং তাদের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions