প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তিতে তৈরি ইলেক্ট্রিক ভেহিক্যাল (ইভি) চালিয়ে দেখেছেন। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনা বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি কয়েকটি ইভি পরিদর্শনের সময় তিনি একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) ও একটি কাভার্ড ভ্যান নিজে চালান।

পরিদর্শনকালে নির্মাতা প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রধানমন্ত্রীকে জানায়, তারা দেশের প্রথম ইলেক্ট্রিক ভেহিক্যাল নির্মাতা প্রতিষ্ঠান। তাদের তৈরি গাড়িগুলো সম্পূর্ণ ব্যাটারিচালিত ও পরিবেশবান্ধব। এতে জ্বালানি তেলের প্রয়োজন হয় না এবং বিদ্যুৎ খরচও তুলনামূলক কম। পাশাপাশি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম রাখার চেষ্টা করা হয়েছে বলেও জানানো হয়।

প্রধানমন্ত্রী বলেন, মান ও নিরাপত্তা নিশ্চিত করে যদি দেশীয়ভাবে ইলেক্ট্রিক ভেহিক্যাল উৎপাদন করা যায় এবং দেশ উপকৃত হয়, তাহলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে প্রদর্শনের জন্য আনা হয় দুটি এসইউভি, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি অটোরিকশা এবং দুটি মোটরসাইকেল। সকাল ১০টার দিকে কার্যালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী নিজ দপ্তরে প্রবেশের আগে গাড়িগুলো পরিদর্শন করেন। প্রথমে তিনি একটি এসইউভি চালিয়ে দেখেন। এ সময় নির্মাতা প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি গাড়িটির প্রযুক্তিগত বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তিনি একটি কাভার্ড ভ্যানও চালান।

এরপর প্রধানমন্ত্রী নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ মান্নান হোসেন খান এবং ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির কে নিয়ে নিজ দপ্তরে বৈঠক করেন। সেখানে ইভি গাড়ির বাজারজাতকরণ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে চেয়ারম্যান এ মান্নান হোসেন খান বলেন, গাড়িগুলো দেশীয় প্রযুক্তিতে তৈরি হলেও কিছু কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। এসব কাঁচামালের ওপর শুল্ক সুবিধা পেলে আরও কম খরচে গাড়ি বাজারে আনা সম্ভব হবে।
ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির জানান, ইউরোপীয় মান বজায় রেখে গাড়িগুলো তৈরি করা হয়েছে। ফলে অচিরেই বিদেশে রপ্তানির সম্ভাবনাও রয়েছে।
নির্মাতাদের তথ্য অনুযায়ী, এসইউভি ধরনের একটি গাড়ি একবার চার্জে ৪৫০ কিলোমিটারের বেশি চলতে পারে। স্বাভাবিক চার্জে ব্যাটারি পূর্ণ হতে সময় লাগে ৫ থেকে ৬ ঘণ্টা এবং ফাস্ট চার্জিংয়ে প্রায় আধা ঘণ্টা। অন্যদিকে ট্রাক ও কাভার্ড ভ্যান একবার চার্জে প্রায় ২০০ কিলোমিটার চলতে সক্ষম। এসব গাড়ির ব্যাটারি সাধারণ চার্জে প্রায় ৬ ঘণ্টা এবং দ্রুত চার্জে প্রায় ৪০ মিনিটে পূর্ণ হয়।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
