ঢাকা থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে চলতি বছরের হজযাত্রার প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে উড্ডয়ন করবে। আগামী শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রা উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর রাত ১২টা ২০ মিনিটে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে।
ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম দিন মোট ১৪টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৪টি ফ্লাইট পরিচালনা করবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় (হজ এজেন্সির মাধ্যমে) ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাবেন।
সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি অংশের মধ্যে সৌদিয়া এয়ারলাইন্স ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৫ শতাংশ যাত্রী পরিবহন করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।