সর্বশেষ

২৩ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার হয়েছে : সংসদে আইনমন্ত্রী

রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে পাবনা-৩ আসনের বিরোধী দলের সদস্য মুহাম্মাদ আলী আছগারের উত্থাপিত এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় এজাহারে অভিযুক্তদের দলীয় পরিচয় উল্লেখ করা হয় না। এ কারণে সারা দেশে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে কতগুলো মিথ্যা বা হয়রানিমূলক মামলা হয়েছে। তার সঠিক পরিসংখ্যান নির্ধারণ করা সম্ভব নয়।  এ বিষয়ে সরকারের কাছে নির্দিষ্ট কোনো তথ্যও নেই।

তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও জানান, তথাকথিত ফ্যাসিস্ট আমলে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে কতটি মামলা হয়েছে, সে সম্পর্কেও সরকারের কাছে কোনো পরিসংখ্যান নেই।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৬ সালের ৫ মার্চ রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশের জন্য জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটি মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার, প্রয়োজন অনুযায়ী চার্জশিটের সত্যায়িত অনুলিপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে।  যদি দেখা যায় মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে, জনস্বার্থে তা চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই এবং মামলা চালালে রাষ্ট্রের ক্ষতি হতে পারে, তাহলে কমিটি সংশ্লিষ্ট মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে সুপারিশ করবে।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions