সর্বশেষ

সাতক্ষীরায় শুরু হলো আম পাড়া

সাতক্ষীরায় স্থানীয় জাতের আম গোবিন্দভোগ, গোপালভোগ, গোলাপখাসসহ বিভিন্ন প্রজাতির আম সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি এলাকার একটি বাগানে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

এর আগে, ২৬ এপ্রিল আম পরার সময় নির্ধারণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকেই দেশি জাতের আম সংগ্রহ শুরু হলো।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম জানান, আমের গুণগত মান বজায় রাখতে চাষিদের সঙ্গে আলোচনা করেই পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। এখন থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাসসহ স্থানীয় আম বাজারে আসবে। হিমসাগর আম পাওয়া যাবে ১৫ মে থেকে, ল্যাংড়া উঠবে ২৭ মে’র পর। আর আম্রপালি ও মল্লিকা সংগ্রহ শুরু হবে ৫ জুন থেকে।

তিনি আরও জানান, এ বছর জেলায় প্রায় ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। মোট ৫ হাজার ২৯৯টি বাগানে প্রায় ৪৫ হাজার ৭৫০ জন কৃষক যুক্ত আছেন। এবার মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭০ হাজার ৯০০ মেট্রিক টন। পাশাপাশি বিদেশে ৮০ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্য রয়েছে। সব মিলিয়ে এ মৌসুমে প্রায় ৩৫০ কোটি টাকার আম বিক্রির আশা করা হচ্ছে।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions