সর্বশেষ

আগামী ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন। বুধবার (৬ মে) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বর্ষা মৌসুম শুরুর আগেই চাঁদপুর ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে। ১৬ মে চাঁদপুর সফরে গিয়ে প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন, যার মধ্যে খাল খনন প্রকল্পের উদ্বোধনও রয়েছে।

মন্ত্রী আরও জানান, সারা দেশে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনায় প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি জেলায় এই কাজ শুরু হয়েছে। স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছেন। বর্ষা মৌসুম চলায় মে মাস পর্যন্ত খনন কার্যক্রম চলবে এবং পরে বর্ষা শেষে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে আবার কাজ শুরু হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর এবারের মে মাসের কর্মসূচিতে দুটি জেলা সফর নির্ধারিত হয়েছে। আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়া সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে সরকার শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions