চট্টগ্রাম, ১৬ মে : সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সরকারি হাসপাতালের সীমাবদ্ধতা কাটিয়ে দরিদ্র রোগীদের চিকিৎসাসেবা দিতে বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তিভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার কথাও জানান তিনি।
শনিবার চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, দরিদ্র রোগীরা চুক্তিভিত্তিক বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলে সেই ব্যয় সরকার বহন করবে।
অর্থমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যখাতে বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পাশাপাশি এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি প্রাথমিক স্বাস্থ্যসেবাকে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করতে কাজ করছে।
চিকিৎসা শিক্ষায় আধুনিক প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মেডিকেল শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে আধুনিক শ্রেণিকক্ষ, মাল্টিমিডিয়া সুবিধা, ডিজিটাল লাইব্রেরি, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থাও নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।
তিনি দেশে মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, দক্ষ মেডিকেল টেকনোলজিস্টের অভাবে কোটি কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে না।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নতুন ভবনের নকশা নিয়েও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ভবনের নকশায় পার্কিং সুবিধা অপর্যাপ্ত। প্রস্তাবিত নকশায় ৭২টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও কমপক্ষে ২০০ থেকে ২৫০টি পার্কিং সুবিধা রাখা উচিত।