ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এর আগে ৮ এপ্রিল এ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
সোমবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের নেতৃত্বে সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

তফসিল ঘোষণার সময় মনোনয়নপত্র জমা দেওয়া, যাচাই-বাছাই এবং প্রত্যাহারের শেষ সময় জানিয়ে দেওয়া হবে।
আইন অনুযায়ী, সাধারণ আসনে যে দল যত বেশি আসন পায়, সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এসব আসনের জন্য ভোট দেন সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়েছে। তাদের সঙ্গে থাকা কয়েকটি দল একটি করে আসন পেয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে বিরোধী দলে রয়েছে। তাদের জোটের অন্য দলগুলোও কিছু আসন পেয়েছে।
এছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশ একটি আসন পেয়েছে এবং সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
প্রাথমিক হিসাবে বিএনপি জোট পেতে পারে ৩৬টি সংরক্ষিত নারী আসন, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন পেতে পারে।
সংসদ নির্বাচনের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। নিয়ম অনুযায়ী, এর ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন শেষ করতে হয়।
এরই মধ্যে সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। দল ও জোটের ভিত্তিতে আসন সংখ্যা নির্ধারণের পর তফসিল ঘোষণা করা হবে।