দেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবারও পিছিয়েছে। তাঁর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা এ মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ মে নতুন দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই মামলার প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা, রমনা মডেল থানার ইন্সপেক্টর আতিকুল ইসলাম খন্দকার নির্ধারিত দিনে প্রতিবেদন দিতে পারেননি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন তারিখ ঠিক করেন।

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন পিছিয়ে ১৪ মে
সালমান শাহ, ছবি: সংগৃহীত

এ বিষয়ে প্রসিকিউশনের এসআই জিন্নাত আলী তথ্য নিশ্চিত করেছেন।

এই মামলাটি করা হয় সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষ থেকে। তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম গত বছরের ২০ অক্টোবর মামলাটি দায়ের করেন। এতে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজের বাসায় মারা যান সালমান শাহ। তখন তিনি দেশের অন্যতম জনপ্রিয় নায়ক ছিলেন।

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন পিছিয়ে ১৪ মে
সালমান শাহ, ছবি: সংগৃহীত

প্রথমে তার মৃত্যু নিয়ে অপমৃত্যুর মামলা করা হয়। পরে পরিবারের দাবি অনুযায়ী এটিকে হত্যা মামলা হিসেবে তদন্ত করা হয়। তবে বিভিন্ন সময় সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত এবং পিবিআই—তিনটি তদন্তেই আত্মহত্যার কথা বলা হয়েছে।

পিবিআই তাদের প্রতিবেদনে জানায়, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে মানসিক চাপে ভুগে তিনি আত্মহত্যা করেন। কিন্তু এই প্রতিবেদনেও সন্তুষ্ট হননি তার মা নীলা চৌধুরী। তিনি বরাবরই দাবি করে আসছেন, এটি হত্যা এবং এর সঠিক তদন্ত হওয়া উচিত।

এর আগে আদালত একবার আসামিদের অব্যাহতি দিলেও, পরে আবার রিভিশন আবেদন গ্রহণ করা হয়। সর্বশেষ আদালত নতুন করে তদন্তের নির্দেশ দেন এবং সেই অনুযায়ী রমনা থানা পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions