সর্বশেষ

মৌলভীবাজার ও নেত্রকোণায় নিম্নাঞ্চলে বন্যা

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।  যার ফলে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।  পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে মৌলভীবাজার ও নেত্রকোণা জেলার নিম্নাঞ্চলে ইতোমধ্যে বন্যা দেখা দিয়েছে। সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত বুধবারও অব্যাহত রয়েছে।  রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে।  যার মধ্যে কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।  এছাড়া ভোলা, ফেনী, ময়মনসিংহ, পটুয়াখালী, কুমিল্লা ও নেত্রকোণাসহ বিভিন্ন জেলায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘের সৃষ্টি হওয়ায় এই বৃষ্টিপাত হচ্ছে।  এটি আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এমনকি সোমবার পর্যন্তও বৃষ্টির প্রবণতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারি এবং এর বেশি হলে অতিভারি বৃষ্টিপাত হিসেবে ধরা হয়।

নদীগুলোর মধ্যে নেত্রকোণার ভুগাই কংশ, সোমেশ্বরী ও মগরা নদী এবং মৌলভীবাজারের মনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এসব অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।  পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বৃষ্টিপাত কমলে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায়—তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বেশিরভাগ এলাকায় দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions