সর্বশেষ

চীন-রাশিয়া সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: শি-পুতিন

চীনের রাজধানী বেইজিংয়ের গণমহাভবনে বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বুধবার (২০ মে) অনুষ্ঠিত এ সম্মেলনে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক, কৌশলগত সহযোগিতা ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এটি ছিল প্রেসিডেন্ট পুতিনের ২৫তম চীন সফর, যা দুই দেশের সম্পর্কের বিশেষ গুরুত্ব ও উচ্চতা তুলে ধরে। তিনি জানান, বৈঠকে উভয় নেতা গভীর, বন্ধুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কৌশলগত যোগাযোগ করেছেন।

শি বলেন, বৈঠকের পর দুই দেশ সার্বিক কৌশলগত সহযোগিতা জোরদার এবং সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্ব গভীরতর করার লক্ষ্যে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরেরও সাক্ষী হয়েছেন দুই নেতা। তিনি উল্লেখ করেন, চলতি বছর চীন-রাশিয়া কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী এবং সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্ব চুক্তি স্বাক্ষরের ২৫তম বছর। গত তিন দশকে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নীত হয়ে “নতুন যুগের সার্বিক কৌশলগত সহযোগিতার অংশীদারত্বে” পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শি আরও বলেন, চীন ও রাশিয়া বরাবরই ‘জোট নিরপেক্ষতা, সংঘর্ষে না জড়ানো এবং তৃতীয় পক্ষের বিরুদ্ধে অবস্থান না নেওয়া’ নীতি অনুসরণ করেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ন্যায্যতা ও নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হয়েছে বলেও তিনি দাবি করেন।

চীনা প্রেসিডেন্ট বলেন, উভয় দেশের উচিত রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করা, পারস্পরিক লাভজনক সহযোগিতা সম্প্রসারণ, জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখা।

তিনি জানান, টানা তৃতীয় বছরের মতো চীন-রাশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে এবং চলতি বছরের প্রথম চার মাসে দুই দেশের বাণিজ্য প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে প্রেসিডেন্ট পুতিন বলেন, বর্তমানে রাশিয়া-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দুই দেশ পারস্পরিক সম্মান, সমতা, সহযোগিতা ও সমর্থনের ভিত্তিতে সম্পর্ক আরও গভীর করছে।

পুতিন বলেন, রাশিয়া-চীন সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং ভূরাজনৈতিক পরিবর্তনও এ সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না। তিনি জানান, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া চীনের সঙ্গে অংশীদারত্ব ও সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্ব আরও জোরদার করবে, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ঘনিষ্ঠ কৌশলগত সমন্বয় বজায় রাখবে।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions