সর্বশেষ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

হরকরা ডেস্ক:
পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া এই জামাতে অংশ নেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ।

ঈদের জামাতে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

মুসল্লিদের নির্বিঘ্নে প্রবেশ ও বের হওয়ার জন্য জাতীয় ঈদগাহে বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়। প্রবেশের জন্য মোট চারটি ফটক রাখা হয়। এর মধ্যে একটি ভিআইপিদের জন্য, দুটি সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য এবং একটি নারী মুসল্লিদের জন্য নির্ধারণ করা হয়।

অন্যদিকে, মুসল্লিদের বের হওয়ার জন্য সাতটি ফটকের ব্যবস্থা রাখা হয়। এর মধ্যে একটি ভিআইপিদের জন্য, পাঁচটি সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য এবং একটি নারী মুসল্লিদের জন্য নির্ধারিত ছিল।

ঈদ জামাতে সর্বমোট ১২১টি কাতারের ব্যবস্থা করা হয়। এর মধ্যে ভিআইপি পুরুষদের জন্য ৫টি, নারীদের জন্য ১টি, সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য ৬৫টি বড় কাতার এবং নারী মুসল্লিদের জন্য ৫০টি ছোট কাতার রাখা হয়।

এছাড়া অজুখানায় একসঙ্গে প্রায় ১৪০ জন মুসল্লির অজু করার ব্যবস্থা ছিল। এর মধ্যে পুরুষদের জন্য ১১৩ জন এবং নারীদের জন্য ২৭ জনের পৃথক সুবিধা নিশ্চিত করা হয়।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions