সর্বশেষ

দুই মাস জ্বালানির ঘাটতি হবে না: মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকায় নির্ধারিত সময় অনুযায়ী ক্রুড অয়েল আমদানি ব্যাহত হলেও দেশে আপাতত জ্বালানি সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বলেন, আগামী অন্তত দুই মাস দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে। তার মতে, বর্তমানে পর্যাপ্ত পরিমাণ পরিশোধিত তেল মজুদ থাকায় সংকটের কোনো সম্ভাবনা নেই।

দেশের একমাত্র পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) ক্রুড অয়েলের মজুদ কমে আসার খবরের মধ্যেই এই আশ্বাস দেওয়া হয়। মন্ত্রণালয় জানায়, নতুন ক্রুড অয়েলের চালান না পৌঁছানোয় ইআরএলের চারটি ইউনিটের মধ্যে দুটি চালু রাখা হয়েছে। বাকি দুটি ইউনিটে রক্ষণাবেক্ষণ কাজ চলছে। তবে এতে জ্বালানি সরবরাহে এখনই কোনো প্রভাব পড়বে না।

সরকারের তথ্যমতে, বর্তমানে দেশে উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল ও জেট ফুয়েল মজুদ রয়েছে। বিশেষ করে ডিজেলের ক্ষেত্রে এপ্রিল ও মে মাসে কোনো সমস্যা হবে না বলে দাবি করা হয়েছে।

তবে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তির বিষয়টি স্বীকার করেছে মন্ত্রণালয়। তাদের মতে, এটি মূলত আতঙ্কজনিত অতিরিক্ত কেনাকাটার কারণে ঘটছে। জেলাগুলোতে পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক রয়েছে।

অবৈধ মজুদদারি ঠেকাতে সরকার ইতোমধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালাচ্ছে। মার্চের শুরু থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত শত শত অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে এবং জরিমানা ও সাজাও দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে মার্চ ও এপ্রিল মাসে মোট ৩ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি। তবে বিকল্প পথে নতুন চালান আনার চেষ্টা চলছে এবং মে মাসের শুরুতেই কিছু সরবরাহ পৌঁছানোর আশা করা হচ্ছে।

এদিকে ভবিষ্যতে জ্বালানি সরবরাহ আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে ‘ফুয়েল পাস’ চালু, ট্যাংক লরির ডিজিটাল মনিটরিংসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

সবশেষে মন্ত্রণালয় জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে জ্বালানি ব্যবহারের আহ্বান জানিয়েছে।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions