ভারি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকার সহায়তা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) সকালে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংসদ সদস্য কলিম উদ্দিন বলেন, ‘টানা ভারি বৃষ্টিতে সুনামগঞ্জসহ হাওরাঞ্চল প্লাবিত হয়েছে। কৃষকরা মাঠে নেমে কষ্ট করে ধান কাটছেন।
তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
হাওর অঞ্চলের কৃষকদের দুর্দশা ও ক্ষতিকে খুবই বেদনাদায়ক উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি আরও বলেন, ‘তিন দিন আগে আবহাওয়া প্রতিবেদনের ভিত্তিতে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার স্থানীয় প্রশাসনকে আগাম নির্দেশনা দিয়েছিলেন। সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বিবেচনায় রেখে কী ধরনের পূর্বপ্রস্তুতি নেয়া যায়, সে বিষয়ে তাদের সতর্ক থাকতে বলা হয়েছিল।’
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কৃষকদের চিহ্নিত করে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহায়তা দেয়ার চেষ্টা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।