সর্বশেষ

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বিকেলে নির্বাচন ভবনে তিনি জানান, আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই ৪৯ জন প্রার্থীর বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, বুধবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময় (সকাল ৯টা থেকে বিকেল ৪টা) পর্যন্ত কোনো প্রার্থীই তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে তারা কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

মঈন উদ্দীন খান জানান, চূড়ান্ত তালিকায় থাকা ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের মনোনীত ৩৬ জন প্রার্থী রয়েছেন। এছাড়া জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোট থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী বৈধ হিসেবে গেজেটভুক্ত হচ্ছেন। একটি আসনের প্রার্থীর বিষয়ে আইনি জটিলতা থাকায় সেটির ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। ওই আসনটি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ৫০টি আসনের মধ্যে বাকি ৪৯ জনের নাম গেজেট আকারে প্রকাশ করে সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে নির্বাচন কমিশন সচিবালয়। এরপর গেজেট সংসদ সচিবালয়ে পাঠানো হবে শপথ গ্রহণের ব্যবস্থা করার জন্য।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের সদস্যরা সাধারণত সংসদে থাকা রাজনৈতিক দলগুলোর আসনসংখ্যার অনুপাতে মনোনীত হয়ে নির্বাচিত হন।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions