সর্বশেষ

বদলি ও পদোন্নতির নামে প্রতারণা, গ্রেপ্তার২

স্বরাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে সরকারি চাকরিজীবীদের বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার রাতে রাজধানীর পশ্চিম রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ অধিশাখার এক কর্মকর্তার ব্যক্তিগত কর্মকর্তা নিলুফা সুলতানা এবং এম আমিনুর রহমান শান্ত।

ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, তদন্তে দেখা গেছে চক্রটির সদস্যরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতেন। তারা নিজেদের প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে কাঙ্ক্ষিত পদায়ন, বদলি ও পদোন্নতি করিয়ে দেওয়ার আশ্বাস দিতেন এবং এর বিনিময়ে বড় অঙ্কের অর্থ আদায়ের চেষ্টা করতেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম রামপুরা থেকে চক্রের মূল হোতা আমিনুর রহমান শান্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়।

পরে তার হোয়াটসঅ্যাপ বার্তা বিশ্লেষণ করে নিলুফা সুলতানার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে তাকেও গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, এখন পর্যন্ত কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে জব্দ করা ডিভাইসগুলোর ফরেনসিক পরীক্ষা চলছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিশ্লেষণ করে ২০ থেকে ২২ পৃষ্ঠার কথোপকথন উদ্ধার করা হয়েছে। সেখানে কোথায় পদায়ন করলে কত টাকা দিতে হবে— এমন নানা আর্থিক লেনদেনসংক্রান্ত আলোচনা পাওয়া গেছে।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions