দেশের গণতন্ত্রকে সুসংহত করতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, “একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তিনি অনন্য ও কালজয়ী দৃষ্টান্ত হয়ে থাকবেন।”

শুক্রবার (২২ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘ছবির গল্প’ প্রকাশিত মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ‘দেশনেত্রী’ শীর্ষক বর্ষপঞ্জির (ক্যালেন্ডার) মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ‘ছবির গল্প’য়ের উপদেষ্টা সম্পাদক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ড. আহমেদ মোস্তফা নোমান এবং ‘ছবির গল্প’য়ের সমন্বয়ক সাদমান সাকিব। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
“বেগম খালেদা জিয়া আমার রাজনৈতিক অনুপ্রেরণা। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বিকাশে তিনি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁর বিদায়কালে কোটি মানুষের অশ্রু বিসর্জনই প্রমাণ করেছে তিনি প্রকৃত অর্থেই জনমানুষের নেত্রী।”
— হাফিজ উদ্দিন আহমদ, স্পিকার, জাতীয় সংসদ
স্পিকার তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, “১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশের জন্ম হতো কি না, তা নিয়ে সংশয় থেকে যায়। আর বেগম খালেদা জিয়া নিজেই জিয়াউর রহমানকে সেই স্বাধীনতার ঘোষণা প্রদানে অনুপ্রেরণা জুগিয়েছিলেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, “বাংলাদেশে গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন বেগম খালেদা জিয়া। জিয়া পরিবার না থাকলে বাংলাদেশ থাকতো কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।”
১২টি বিশেষ দিকে বর্ণাঢ্য জীবনগাথা
আয়োজকরা জানান, প্রকাশিত বিশেষ এই বর্ষপঞ্জিতে ‘ছবির গল্প’য়ের প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের তোলা বিরল আলোকচিত্র এবং ‘ছবির গল্প’ টিমের লেখনীর মাধ্যমে দেশনেত্রীর বর্ণাঢ্য জীবনের ১২টি গুরুত্বপূর্ণ ও বিশেষ দিক ফুটিয়ে তোলা হয়েছে।
‘বাংলাদেশের প্রাণ তারেক রহমান’ প্রদর্শনী
বর্ষপঞ্জি উন্মোচনের পাশাপাশি এদিন অনুষ্ঠানস্থলে ‘ছবির গল্প: সবার আগে দেশপ্রেম’ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন অপপ্রচারের জবাবে সত্য তুলে ধরতে শিক্ষার্থীদের নিয়ে ‘বাংলাদেশের প্রাণ তারেক রহমান’ শীর্ষক এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নূরুল হক নুর, আরিফা সুলতানা রুমা, দীপিকা বিনতে হোসাইনসহ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান শেষে স্পিকার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন করেন।