সর্বশেষ

দেশে শিল্পকারখানার উৎপাদন কমেনি: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানিতে কমেনি বলে জানিয়েছেন, শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জে আয়োজনে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নের পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন শিল্পকারখানাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। জ্বালানি সংকটের মধ্যেও দেশে উৎপাদন কার্যক্রম স্থিতিশীল রয়েছে বলে তিনি দাবি করেন। যদিও রপ্তানিতে কিছুটা কমতি দেখা গেছে, তবে সেটি জ্বালানি সমস্যার কারণে নয়, বরং বৈশ্বিক বাজারে চাহিদা কিছুটা শ্লথ থাকায় হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, শিল্প খাতে উন্নয়নের জন্য কম জ্বালানি-নির্ভর শিল্পে বিনিয়োগে সরকার উৎসাহ দিচ্ছে। পাশাপাশি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যৎ সংকট মোকাবিলায় তেল ও গ্যাসের মজুদ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

পাটশিল্প নিয়ে তিনি বলেন, দেশের ঐতিহ্যবাহী এই খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্ত অবস্থানে নিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে পাটবীজে স্বনির্ভরতা অর্জনের জন্য কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে একটি বিশেষ কর্মসূচি চালানো হচ্ছে। এটি সফল হলে বিদেশ থেকে পাটবীজ আমদানি অনেকটাই কমে যাবে।

পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সচিব আব্দুন নাসের খান, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং জেলা প্রশাসক মো. রায়হান কবির উপস্থিত ছিলেন।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions