এসএসসির প্রশ্নফাঁস হয়নি, নজরদারি থাকবে: শিক্ষামন্ত্রী

সারাদেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা সুন্দর হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।  মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশ্ন ফাঁসের কোনো সম্ভাবনা নেই এবং হয়নি। এই ধরনের কোনো আলোচনাও নেই।

প্রথম দিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র এবং সহজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়। আর মাদরাসার কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়।

এদিকে, সন্তানদের পরীক্ষার হলে দিয়ে বাইর অপেক্ষা করছেন শত শত মা বাবা ও অভিভাবক।  তাঁদের কেউ কেউ বলেছেন, যানজটের কারণে সকালে আসতে কারও কারও সময় বেশি লেগেছে।  বিষয়টি নিয়ে তাঁরা কিছুটা উদ্বিগ্ন। তাঁদের কেউ কেউ বলেছেন, পরের বছরের (২০২৭) পরীক্ষার সময় ব্যবস্থাপনায় পরিবর্তন আনা যায় কি না, সেটা যেন সংশ্লিষ্ট ব্যক্তিরা ভেবে দেখেন।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলো আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।  মঙ্গলবার তিনি জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।  তার এ আকস্মিক উপস্থিতিতে কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে জানান অভিভাবকরা।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫১ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২১ হাজার ১১৮ জন। এবারের পরীক্ষা প্রশ্নফাঁসমুক্ত, স্বচ্ছ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলো সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশেষ করে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে প্রথমবারের মতো প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ ‘একগুচ্ছ’ পদক্ষেপ নেওয়া হয়েছে।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions