বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি জানান, গণমাধ্যমের সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

নোয়াব সভাপতি ও দৈনিক মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমানের নেতৃত্বে পত্রিকার মালিক ও প্রকাশকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা সংবাদপত্র শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সরকারের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সংগঠনটি জানায়, বর্তমান সরকারের উদার গণতান্ত্রিক অবস্থান অব্যাহত থাকলে তারা সমর্থন জানাবেন।

জ্যেষ্ঠ সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়, আলোচনায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়ও উঠে আসে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, কেউ অযথা কারাগারে আছেন কি না বা কোনো ধরনের হয়রানির শিকার হয়েছেন কি না, তা যাচাই করে দেখা হবে। মতিউর রহমান চৌধুরী আরও জানান, বৈঠকে নিয়মিত সংলাপের সিদ্ধান্ত হয়েছে। এর আগে শেখ হাসিনার শাসনামলে একবার এবং অন্তর্বর্তী সরকারের সময়ে আরেকবার সম্পাদক ও মালিকদের সঙ্গে বৈঠক হলেও এবার প্রধানমন্ত্রী প্রতি তিন মাসে একবার গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের আশ্বাস দিয়েছেন।