শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার

দেশের ছোট শিক্ষার্থীদের মধ্যে দেশীয় পণ্য ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।  এর অংশ হিসেবে ধাপে ধাপে সারা দেশের শিক্ষার্থীদের কাছে পাট দিয়ে তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, পরীক্ষামূলকভাবে আগামী জুলাই মাস থেকে প্রতিটি উপজেলার দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এসব ব্যাগ ও পোশাক দেওয়া শুরু হবে। প্রথম মাসেই এটি প্রায় এক লাখ শিক্ষার্থী পাবে।

শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার
সংগৃহীত

বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। তিনি আরও বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় একসঙ্গে এই কাজ করবে। শুরুতে সীমিত পরিসরে শুরু হলেও পরে সব শিক্ষার্থীর কাছে এটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা আছে।

মাহদী আমিন জানান, এই উদ্যোগের মাধ্যমে “মেড ইন বাংলাদেশ” পণ্যকে জনপ্রিয় করা এবং দেশীয় উৎপাদনকে এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি ধনী-গরিব সবার মধ্যে সমতা আনা এবং ন্যায্যতা নিশ্চিত করাও এর একটি বড় লক্ষ্য।

তিনি আরও বলেন, পাটের ব্যাগ ব্যবহারের মাধ্যমে শিশুদের পরিবেশবান্ধব জীবনযাপনের ধারণাও শেখানো হবে। এতে পলিথিনের ব্যবহার কমবে এবং মানুষ পাটজাত পণ্যের দিকে আগ্রহী হবে। একই সঙ্গে দেশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার দিকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions