পাচার অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে

বিদেশে পাচার হওয়া বিপুল অঙ্কের অর্থ পুনরুদ্ধারে ১০টি দেশকে প্রাথমিকভাবে চিহ্নিত করে তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ শুরু করেছে সরকার। এসব দেশের সঙ্গে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইনি সহায়তা চুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে।

চিহ্নিত দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং-চীন।

সরকারি তথ্য অনুযায়ী, এই দেশগুলোর মধ্যে মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি জানিয়েছে। বাকি দেশগুলোর সঙ্গে আলোচনা ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্যমতে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই বিপুল অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক ও আইনি উদ্যোগ জোরদার করেছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পাশাপাশি পারস্পরিক আইনি সহায়তা অনুরোধ বিনিময় ব্যবস্থাও সক্রিয় করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। এর আওতায় দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সমন্বয়ে ১১টি যৌথ তদন্ত দল কাজ করছে।

সরকারি তথ্য অনুযায়ী, আদালতের নির্দেশে এখন পর্যন্ত দেশে প্রায় ৫৭ হাজার কোটি টাকার বেশি এবং বিদেশে প্রায় ১৩ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে। সব মিলিয়ে দেশে-বিদেশে প্রায় ৭০ হাজার কোটি টাকার সম্পদ জব্দ রয়েছে।

পাচার হওয়া অর্থ উদ্ধারের লক্ষ্যে ইতোমধ্যে ১৪১টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় অভিযোগপত্র দাখিল, রায় ঘোষণা এবং তদন্ত কার্যক্রমে অগ্রগতি হয়েছে।

সরকার জানিয়েছে, দুর্নীতি, মানিলন্ডারিং এবং অর্থপাচার দমনে একটি সমন্বিত কৌশল গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারের জন্য “স্টোলেন অ্যাসেট রিকভারি ডিভিশন” গঠন করা হয়েছে।

সরকারের দাবি, নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে এই অর্থ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions