আসন্ন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২ জুলাই পরীক্ষা শুরু হয়ে চলবে ৮ আগস্ট পর্যন্ত।
বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দীন হায়দারের স্বাক্ষরে এই রুটিন প্রকাশিত হয়। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে বলে রুটিনে উল্লেখ করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, প্রথম দিনে বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর শেষ দিনে অর্থাৎ ৮ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয়পত্রের পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে।
এছাড়া দ্বিতীয় শিফটে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, আগে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা নেওয়া হবে। ৩০ নম্বরের এমসিকিউ অংশের জন্য সময় থাকবে ৩০ মিনিট, আর ৭০ নম্বরের সৃজনশীল অংশের জন্য সময় নির্ধারিত ২ ঘণ্টা ৩০ মিনিট।