জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং চলমান সংকটময় পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে।
রোববার (১৯ এপ্রিল) সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বক্তব্য দেন।
রুমিন ফারহানা বলেন, সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জ্বালানির কোনো ঘাটতি নেই, অথচ বাস্তব চিত্র ভিন্ন। বিভিন্ন স্থানে তেলের জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, অনেক চালক রাতভর অপেক্ষা করেও জ্বালানি পাচ্ছেন না। তার প্রশ্ন, যদি সংকট না-ই থাকে, তবে এমন পরিস্থিতি কেন এবং কেন তেলের দাম বাড়াতে হচ্ছে?
জ্বালানি সাশ্রয়ে সরকারের নেওয়া পদক্ষেপগুলোর সমালোচনা করে তিনি বলেন, বাজার সন্ধ্যা ৭টায় বন্ধ করার সিদ্ধান্ত অদূরদর্শী, কারণ সাধারণ মানুষ বেশি কেনাকাটা করেন সন্ধ্যার পর। অফিস-আদালতের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
সরকারের মন্ত্রীরা গণমাধ্যমে সংকট নেই বলে যে দাবি করছেন, তার সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সংসদের মাধ্যমে তিনি জানতে চান, দেশে বর্তমানে অকটেন ও ডিজেলের মজুত কতদিনের, পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ কেন নেই, এবং মজুতদারির সঙ্গে কারা জড়িত ? এসব বিষয় স্পষ্ট করা উচিত বলে তিনি দাবি করেন।